সময় কলকাতা ডেস্ক, ১৩ অক্টোবরঃ উৎসবের মরশুমে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড রাতের শহরে। বৃহস্পতিবার মধ্যরাতে বিধ্বংসী আগুন লাগে জোড়াবাগান থানার নিমতলা ঘাট এলাকার কাঠগোলা স্ট্রিটে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন আপাতত নিয়ন্ত্রণে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে হঠাৎই কাঠগোলা স্ট্রিটের একটি বাড়িতে প্রথমে আগুন লাগে। বাড়িটির নীচে একটি কাঠের দোকান ও একটি চায়ের দোকান ছিল। সেখান থেকেই আশপাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় ৮টি বাড়ি। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন।
আরও পড়ুন Virat-Naveen আইপিএলের তিক্ততা উধাও বিশ্বকাপে, বিরাটের সঙ্গে হাত মেলানো নিয়ে বিস্ফোরক নবীন
এমনকী খবর পেয়েই ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশও। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। অন্যদিকে, এই অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি মীরা হাজরা। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। যদিও এদিন রাতে ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলেই দমকল বাহিনীর প্রাথমিক অনুমান।


More Stories
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের