Home » পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিবিআই স্ক্যানারে বারাসাত পুরসভা

পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিবিআই স্ক্যানারে বারাসাত পুরসভা

সময় কলকাতা ডেস্ক, ১৩ অক্টোবরঃ পুরনিয়োগ দুর্নীতির তদন্তে পুজোর মুখে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডি-সিবিআই। প্রতিদিনই দিকে দিকে অভিযান শুরু করছে তারা। গত কয়েকদিন ধরেই পুরনিয়োগ দুর্নীতির তদন্তে রানাঘাট,উলুবেড়িয়া, ডায়মন্ডহারবার, মধ্যমগ্রাম সহ একাধিক পুরসভায় হানা দিচ্ছে ইডি-সিবিআই। এবার সেই তালিকায় নতুন সংযোজন বারাসাত পুরসভা। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার বারাসাত পুরসভার কাছে বেশ কিছু তথ্য চেয়ে ইমেল পাঠিয়েছে সিবিআই। যদিও বারাসাত পুরসভায় কোনো নিয়োগ দুর্নীতি হয়নি বলেই দাবি করেন বারাসাত পুরসভার পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়।

এ প্রসঙ্গে অশনি মুখোপাধ্যায় বলেন, ‘সিবিআইয়ের চিঠি এসে পৌঁছছে। ২০১২ থেকে বর্তমান উপ পুরপ্রধানের নাম, ঠিকানা, ফোন নম্বর জানতে চেয়েছে সিবিআই। আমরা ওই তথ্য পাঠিয়ে দিয়েছি।’ অন্যদিকে, এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর আগে বুধবারই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে তলব করেছিল ইডি। যদিও পুরনিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম থেকেই ইডির স্ক্যানারে ছিলেন নিতাই দত্ত। কেননা ২০১৪-২০১৮ সালের মধ্যে দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন দফতরে চাকরি বিক্রির অভিযোগ ওঠে। সে সময়ে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান সুজিত বসুর ঘনিষ্ঠ ছিলেন বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। কার্যত সেকারণেই ইডি-র নজরে ছিলেন নিতাইবাবু।

আরও পড়ুন     দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় রবিবারই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা। একইসঙ্গে এদিনই আবার ফিরহাদ হাকিমের পর কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। মুহূর্তের মধ্যে মদন মিত্রের বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। এসবের মাঝেই সোমবার সিবিআই আধিকারিকরা রানাঘাট পুরসভায় তল্লাশি চালান। সেইসঙ্গে রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতেও চলে তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও বিজেপি নেতার নাম জড়াল। সে দিক থেকে পার্থসারথির বাড়িতে সিবিআই হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, ২০১৪-১৮ সালের মধ্যে রানাঘাট পুরসভায় অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডর মাধ্যমেই একধিক পদে নিয়োগে দুর্নীতি হয়।আর ওই সময়ই রানাঘাট পুরসভার চেয়ারম্যান ছিলেন পার্থসারথী চট্টোপাধ্যায়ের। সেই মামলার তদন্তেই এদিন বিজেপি বিধায়কের অফিসে তল্লাশি চালান আধিকারিকরা।

About Post Author