Home » রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি, সোমবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি, সোমবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন

সময় কলকাতা ডেস্ক, ১৫ অক্টোবরঃ পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে এই প্রথমবার! পুজোর মুখেই বিধানসভায় বসতে চলেছে একদিনের বিশেষ অধিবেশন। সোমবার দুপুর ১২ টা নাগাদ এই অধিবেশন বসার কথা রয়েছে। জানা গিয়েছে, বিধানসভায় মুখ্যমন্ত্রী মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ানোর ঘোষণা করেছিলেন। কিন্তু তা কার্যকর করতে দুটি আইনে সংশোধনী আনতে হবে। আইন দুটির মধ্যে প্রথমটি হল, ‘বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (মেম্বার অ্যামিউজমেন্টস) অ্যাক্ট ১৯৩৭’ এটি বিধায়কদের বেতন সংক্রান্ত। দ্বিতীয়টি, ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্যালারিস অ্যান্ড অ্যালায়েন্স অ্যাক্ট ১৯৫২’, এটি মূলত মন্ত্রীদের বেতন সংক্রান্ত। এই দুটি আইনের সংশোধনী আনা হবে বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর,  এই আইন সংশোধন না হওয়া পর্যন্ত বর্ধিত বেতন পাবেন না বিধায়ক-মন্ত্রীরা। কার্যত সেকারণেই শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে শুধুমাত্র বিধায়কদের বেতনবৃদ্ধি সংক্রান্ত বিল পেশের জন্যই একদিনের বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে। ইতিমধ্যেই একদিনের অধিবেশনের জন্য রাজ্যপালের অনুমতি চেয়ে পরিষদীয় দফতর থেকে ফাইল গিয়েছে রাজভবনে। কেননা দুটি আইনের সংশোধনী সংখ্যাগরিষ্ঠতার জেরে শাসক দল কার্যকর করাতে পারলেও শেষ পর্যন্ত আইনে পরিণত হতে স্বাক্ষর লাগবে রাজ্যপালের। যদিও সেই ফাইলে এখনও পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করেননি। তাহলে কি রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলে রাজ্যপালের স্বাক্ষর নিয়ে নতুন করে রাজ্য-রাজ্যপালের সংঘাত সৃষ্টি হবে? তা নিয়েই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন   ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড জানাল, ইজরায়েলের হামলায় বন্দিমৃত্যু হচ্ছে

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বিধানসভার অধিবেশনে মন্ত্রী বিধায়কদের বেতন বাড়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মন্ত্রী থেকে বিধায়ক সব স্তরেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করছে সরকার। এক্ষেত্রে বিধায়কদের বেতন প্রতি মাসে ১০ হাজার টাকা থেকে বেড়ে হল ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীরা মাসে ১০ হাজার ৯০০ টাকা করে পেতেন। বেতন বৃদ্ধি পেলে এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, রাজ্যের পূর্ণমন্ত্রীদের বেতন ছিল ১১ হাজার টাকা। বেতন বৃদ্ধি পেলে এখন থেকে তাঁরা পাবেন ৫১ হাজার টাকা পাবেন। এর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রীরা এতদিন সব মিলিয়ে এক লক্ষ দশ হাজার টাকা বেতন পেতেন। বেতন বাড়লে এবার থেকে তাঁরা পাবেন প্রায় দেড় লক্ষ টাকা। যদিও এই বেতন বৃদ্ধির ছাড়পত্রের জন্য দুটি আইনে সংশোধনী আনতে হবে। কার্যত সেকারণেই তড়িঘড়ি একদিনের অধিবেশন ডাকার সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

About Post Author