Home » মহানবমীর মহাভোজে বানিয়ে ফেলুন লোভনীয় সাওজি মটন

মহানবমীর মহাভোজে বানিয়ে ফেলুন লোভনীয় সাওজি মটন

সময় কলকাতা ডেস্ক, ১৮ অক্টোবর: পুজোর সময় মটন ছাড়া যেন খাওয়া-দাওয়া জমতেই চায়না। মটন ছাড়া বাঙালির যে কোনও অনুষ্ঠানই অসম্পূর্ণ থেকে যায়। পুজো মানেই কি শুধু মিষ্টি মুখ? সেই দস্তর ভেঙ্গে পুজোর সময় বাড়ির সদস্যদের জন্য বানিয়ে ফেলুন সাওজি মটন। পুজোর সময় গরম ভাত, বিরিয়ানি কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে সাওজি মটন। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই সাওজি মটন। ভিন্ন স্বাদের সাওজি মটন কালিয়া একেবারে চেটেপুটে খাবে সকলেই। সাওজি মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
খাসির মাংস – ৭০০ গ্রাম
আদা বাটা ও রসুন বাটা ১ টেবিল চামচ
দই- ১ কাপ
লাল লঙ্কার গুড়ো- ২ চা চামচ
আচারের তেল ও লেবুর রস- ১ চা চামচ
বড় সাইজের পেঁয়াজ কুচি- ৩ টে
চাট মশলা- ৩ চা চামচ
কাজুবাদাম- ১৫-২০ টা
টমেটো বাটা-২ টি
ধনে গুঁড়ো- ২ চা চামচ
গরম মশলা গুঁড়া- হাফ চামচ

দুধ – ১ কাপ
ফ্রেশ ক্রিম-পরিমাণ মত
কসুরি মেথি- ১ চা চামচ
ধনে পাতা কুচি- হাফ কাপ
নুন- স্বাদমতো

আরও পড়ুন    দুর্গাপুজোয় নবান্নের কড়া নজরদারি, চতুর্থী থেকেই ২৪ ঘণ্টার জন্য চালু কন্ট্রোল রুম

প্রণালী

প্রথমে মাংসটিকে রসুন বাটা, টক দই, লাল লঙ্কার গুঁড়ো, নুন, লেবুর রস, আচারের তেল মাখিয়ে ফ্রিজে ১ঘণ্টা রেখে দিন। এবার একটি কড়াই গরম করে কোন তেল না দিয়ে এই ম্যারিনেট করা মাংসটি দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না সব জল শুকিয়ে যায়। অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে সেটিকে গরম করে নিন পেঁয়াজ কুচি ও কাজুবাদাম দিয়ে নাড়তে থাকুন। একটু ভাজা হলে এটি মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিন। ওই কড়াইয়ে আবার তেল দিয়ে মাংস ও বাকি আদা রসুন বাটা দিয়ে দিন। এরপর এরমধ্যে টমেটো বাটা দিয়ে নাড়তে থাকুন। ধনেগুঁড়ো, পরিমাণমতো নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ১ চামচ চাট মশলা দিয়ে ভাল করে নাড়তে থাকুন। শেষে তেল বেরিয়ে আসলে এক কাপ দুধ যোগ করুন। দুধ একটু শুকিয়ে এলে গরম জল আর কাজু ও পেঁয়াজ বাটা দিয়ে দিন।এবার কড়াইটিকে দেখে ১৫ মিনিট হালকা আঁচে রান্না করতে থাকুন, রান্না হয়ে এলে ওপর থেকে কাসুরি মেথি, আর ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ভাত,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন সাওজি মটন।

About Post Author