Home » নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক, ৯ নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। পুজো মিটতেই ফের তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ফের বৃহস্পতিবার বেলা ১১ টায় তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডির তলবে সাড়া দিয়ে এদিন নির্দিষ্ট সময়ের একটু পরেই সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিলেন অভিষেক। বাড়ি থেকে বেরনোর সময় কাচ নামিয়ে গাড়ি থেকে হাত নাড়তেও দেখা যায় অভিষেককে। এদিন ঠিক ১১টা ৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করে তাঁর কালো গাড়ি। এর আগে গত ৩ অক্টোবর লিপ্‌স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। এরপর ফের বুধবার ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য অভিষেককে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাভাবিকভাবে অভিষেকের হাজিরা নিয়ে এদিন সকাল থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা। সকাল থেকেই পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স চত্বর। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। 

আরও পড়ুন   দেখান দেখি আপনার পর্যবেক্ষণ শক্তির ক্ষমতা? ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

প্রসঙ্গত, এর আগে গত ৩ অক্টোবর লিপ্‌স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। ওইদিন সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির দিতে বলেছিল কেন্দ্রীয় সংস্থা। এসবের মাঝেই এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়ে দেয়, ৩ অক্টোবর তিনি ইডির তলবে হাজিরা দিতে পারবেন না। কারণ, সেসময় তিনি দিল্লিতে ধরনার কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘সব বাধার মধ্যেই বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং পাওনা আদায়ের দাবিতে লড়াই চলবে। এই লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেও কোনও লাভ হবে না। বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াইয়ের জন্য পৃথিবীর কোনও শক্তি আমায় দমাতে পারবে না। ২ ও ৩ অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব। পারলে আমাকে আটকে দেখান।’

আরও পড়ুন    পর্যটন ব্যবসার আড়ালে মানব পাচারের অভিযোগে বারাসাতে এনআইএ-র হানা, গ্রেফতার ১

উল্লেখ্য, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি-র স্ক্যানারে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এমনকী অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলবও করেছে ইডি। কয়েকদিন আগেই ইডি, সিবিআই আধিকারিকদের আদালতে ডেকে পাঠান কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এমনকী ২৫ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ লিপস অ্যান্ড বাউন্ডসের সব ডিরেক্টর ও উচ্চ পদস্থ কর্মীদের সম্পত্তির খতিয়ান কোর্টে জমা দেয় ইডি। সেখানে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান জানতে চান বিচারপতি। কেননা লতা তিনিও লিপস অ্যান্ড বাউন্ডসের অন্যতম ডিরেক্টর ছিলেন বলে জানা গিয়েছে। এরপরই ২৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত তথ্য আদালতে জমাও দেন।

About Post Author