Home » লুঠ হওয়া ৪০০০ অস্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত মনিপুরে হিংসা ও অশান্তি চলতেই থাকবে, জানালেন সেনা আধিকারিক

লুঠ হওয়া ৪০০০ অস্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত মনিপুরে হিংসা ও অশান্তি চলতেই থাকবে, জানালেন সেনা আধিকারিক

সময় কলকাতা ডেস্ক,২৩ নভেম্বর : অশান্তি, হিংসা  চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না অস্ত্র পুনরুদ্ধার হবে। মণিপুরে জাতিগত সংঘর্ষকে একটি “রাজনৈতিক সমস্যা” হিসাবে অভিহিত করে মঙ্গলবার  সেনার ইস্টার্ন কমান্ডের চিফ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা বলেছেন যে,  নিরাপত্তা বাহিনীর কাছ থেকে লুঠ করা প্রায় ৪০০০ অস্ত্র সাধারণ মানুষের কাছ থেকে উদ্ধার না করা পর্যন্ত হিংসার ঘটনা অব্যাহত থাকবে।

ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চীফ আরও বলেছেন যে ভারত মিজোরাম এবং মণিপুরে সাধারণ গ্রামবাসী, সেনাবাহিনী বা পুলিশ সহ মায়ানমার থেকে আশ্রয় নেওয়া কাউকে আশ্রয় দিচ্ছে, কিন্তু মাদক পাচারকারী বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র ক্যাডারদের নয়।

“আমাদের প্রচেষ্টা ছিল হিংসা নিয়ন্ত্রণ করা এবং সংঘর্ষের উভয় পক্ষকে রাজনৈতিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য অনুপ্রাণিত করা। কারণ শেষ পর্যন্ত, সমস্যাটির একটি রাজনৈতিক সমাধান হতে হবে,” লেফটেন্যান্ট জেনারেল কলিতা সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বলেন।

তিনি আরও উল্লেখ করেছেন যে সংঘর্ষের মূল কারণ ছিল রাজ্যে বসবাসকারী তিনটি সম্প্রদায়ের মধ্যে উত্তরাধিকার সমস্যা – মেইতি, কুকি এবং নাগা। তিনি বলেছিলেন যে ১৯৯০ এর দশকে কুকি এবং নাগাদের মধ্যে এরকমই এক সংঘর্ষ হয়েছিল যখন প্রায় ১০০০ লোক নিহত হয়েছিল।

“এখন যা হয়েছে তা হল উভয় সম্প্রদাযয়ের সম্পূর্ণরূপে মেরুকরণ হয়ে গেছে। যদিও হিংসার মাত্রা কিছুটা কমে এসেছে, তবুও বিভিন্ন থানা এবং অন্যান্য জায়গা থেকে ৫০০০ এরও বেশি অস্ত্র লুঠ করে নেওয়া হয়েছে।

“এর মধ্যে, প্রায় ১৫০০ অস্ত্র উদ্ধার করা হয়েছে। সুতরাং, প্রায় ৪০০০ অস্ত্র এখনও বাইরে রয়েছে। যতক্ষণ না এই অস্ত্রগুলি উদ্ধার করা সম্ভবপর হবে ততক্ষণ এই ধরণের বিক্ষিপ্ত হিংসাত্মক  কর্মকাণ্ড অব্যাহত থাকবে,” তিনি বলতে ভোলেন নি। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডার চিফ লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতার মতে অস্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত মনিপুরের হিংসা  নিরসন হওয়া বিশ বাঁও জলে থেকে যাবে।।

আরও পড়ুন ব্রিটিশ সংবাদমাধ্যমে মনিপুরকে শান্ত করতে আন্তর্জাতিক স্তরে পদক্ষেপ গ্রহণের পরামর্শ

About Post Author