Home » অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির আশঙ্কা, স্বাক্ষর কর্মসূচি শুরু আম আদমি পার্টির

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির আশঙ্কা, স্বাক্ষর কর্মসূচি শুরু আম আদমি পার্টির

সময় কলকাতা ডেস্ক, ২ ডিসেম্বর: আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির নিয়ে দলেরই মধ্যেই ক্রমশ তৈরি হচ্ছে জটিলতা। যদি অরবিন্দ কেজরীবাল গ্রেফতার হন তাহলে দিল্লির সরকারের কি পতন ঘটবে? কে সরকার চালাবে? এবার এহেন পরিস্থিতিতে দিল্লির জনগণের মত জানতে প্রতিটি বাড়িতে গিয়ে স্বাক্ষর কর্মসূচি শুরু করেছে আম আদমি পার্টি। জানা গিয়েছে, শুক্রবার থেকেই এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। দিল্লির মন্ত্রী গোপাল রাইয়ের নেতৃত্বে এদিন পূর্ব দিল্লির লক্ষ্মী নগর এলাকা থেকে আম আদমি পার্টির দ্বারে-দ্বারে গিয়ে জনগণের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘ম্যায় ভি কেজরিওয়াল’। এই কর্মসূচিতে কেজরিওয়াল ইস্তফা দেবেন না জেল থেকে সরকার চালাবেন, সে বিষয়ে জনগণের মতামত নিচ্ছে আপ। 

আরও পড়ুন     প্রত্যাবর্তনে পাখির চোখ ফেরান্দোর, শনিবার আইএসএলে নামার আগে চাপে মোহনবাগান

আপ-এর তরফে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘ম্যায় ভি কেজরিওয়াল’ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এরপর ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দিল্লির ২৫০টি ওয়ার্ডে জনসভা চলছে। পরিশেষে জনগণের যেটাই মতামত হবে, সেটা তাঁরা অরবিন্দ কেজরিওয়ালকে দেবেন।প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির একের পর এক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। সম্প্রতি এই ইস্যুতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও নোটিস পাঠিয়ে তলব করেছিল ইডি। আবগারি দুর্নীতি মামলায় এর আগে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-কে গ্রেফতার করেছে ইডি। আপ সাংসদ সঞ্জয় সিং-কে জেরা করে ইতিমধ্যেই নতুন কিছু তথ্য পেয়েছে ইডি। গত ৪ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাসভবনে তল্লাশির পর তাঁকে গ্রেফতার করেছিল।

 

দিল্লির মুখ্যমন্ত্রীকে এই নতুন তথ্যগুলির ভিত্তিতে প্রশ্ন করা হবে। বেশ কিছু বিষয়ের স্পষ্টতা চাওয়া হবে। এর আগে গত ১৬ এপ্রিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই মামলায় নয় ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করেছিল সিবিআই। এরপরই ইডির তলবের মুখে পড়ে দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কিছুদিন আগেই উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, আপ নেতার বিউদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রমাণ করা হয়েছে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কিছুদিন আগেই জামিনের আবেদন করেছিলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। এরপরই গত ১৭ অক্টোবর জামিন মামলার শুনানি শেষ হলেও বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ রায়দান স্থগিত রেখেছিল। সোমবার সেই আবেদনই খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।

About Post Author