Home » চলছে হাড্ডাহাড্ডি লড়াই, মধ্যপ্রদেশ-রাজস্থানের পর ছত্তীসগঢ়েও বিজেপির জয়জয়কার

চলছে হাড্ডাহাড্ডি লড়াই, মধ্যপ্রদেশ-রাজস্থানের পর ছত্তীসগঢ়েও বিজেপির জয়জয়কার

সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বরঃ ৩ ডিসেম্বর, অর্থাৎ আজ চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। রবিবার মধ্য প্রদেশ , রাজস্থান , ছত্তীসগঢ় ও তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। অন্যদিকে, মিজোরামের ভোট গণনা সোমবার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। এই চার রাজ্যের ফলই অনেকাংশে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নির্ধারক হয়ে উঠতে পারে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ় ও তেলঙ্গানায় চলছে ভোটগণনা। মধ্যপ্রদেশে শুরু থেকে এগিয়েই শাসক দল বিজেপি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে ১৫৬ টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৭১ আসনে।

আরও পড়ুন   বদলে গেল মিজোরামের ভোটের ফল প্রকাশের দিন

২০১৮-র বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দেড় বছরের মাথাতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাহায্যে দু’ডজন বিধায়ক ভাঙিয়ে মুখ্যমন্ত্রী কমল নাথের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি।  তেলঙ্গানায় পালাবদলের বড় ইঙ্গিত মিলেছে। কেননা ৬৫ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আর বিআরএস এগিয়ে রয়েছে ৪৬ আসনে। তেলঙ্গানায় দু’টি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কামারেড্ডি ও গজওয়েল। লেটেস্ট ট্রেন্ডে, পুরনো কেন্দ্র কামারেড্ডি থেকে এগিয়ে আছেন কেসিআর, কিন্তু পিছিয়ে নতুন কেন্দ্রে। কেসিআর-এর দলকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে রয়েছে কংগ্রেস। জানা গিয়েছে, বিজেপি এগিয়ে মাত্র ৩টি আসনে, আর আসাউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এগিয়ে রয়েছে মাত্র ৪টি আসনে।

 

ইতিমধ্যেই হায়দ্রাবাদের কংগ্রেস অফিসের বাইরে কংগ্রেস কর্মীদের শুরু হয়েছে জয়ের উদযাপন। তেলেঙ্গানায় কংগ্রেস আসতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এখনও পর্যন্ত কংগ্রেস এগিয়ে ৬০টি আসনে। বিজেপি ও আসাদউদ্দিনের মিম এগিয়ে আছে চারটি করে আসনে। কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস এগিয়ে আছে ৩৩টি আসনে। তেলেঙ্গানায় পাল্লা কার দিকে ভারী হয়, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের। অন্যদিকে, রাজস্থানে ১১৮ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সেখানেই কংগ্রেস এগিয়ে ৬৯ আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ১২টি আসনে। রাজস্থান কংরেসের হাতছাড়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও গণনার শুরু থেকেই ছত্তীসগঢ়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। ৪০টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ৪৮টি  আসনে। বিজেপি ও কংরেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেও বিজেপি যে ফের নরেন্দ্র মোদিকে সামনে রেখেই ২৪-এর ভোট ময়দানে নামবে তা পুরোপুরি স্পষ্ট৷ বিরোধী ঐক্যের অন্যতম প্রধান দল কংগ্রেস যদি এই রাজ্যগুলিতে নিজেদের ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়, তবে স্বাভাবিকভাবেই জোটের মধ্যেও দলের এবং দলনেতার গ্রহণযোগ্যতা কমবে৷

About Post Author