Home » চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাঝেই ফের ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক কংগ্রেসের

চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাঝেই ফের ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক কংগ্রেসের

সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বরঃ ৩ ডিসেম্বর, অর্থাৎ আজ চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। রবিবার মধ্য প্রদেশ , রাজস্থান , ছত্তীসগঢ় ও তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। অন্যদিকে, মিজোরামের ভোট গণনা সোমবার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। এই চার রাজ্যের ফলই অনেকাংশে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নির্ধারক হয়ে উঠতে পারে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ় ও তেলঙ্গানায় চলছে ভোটগণনা। এসবের মাঝেই আগামী ৬ ডিসেম্বর, বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি। ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের দিল্লিতে ডেকেছেন খাড়গে। পাটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার বৈঠক দিল্লিতে।

আরও পড়ুন চলছে হাড্ডাহাড্ডি লড়াই, মধ্যপ্রদেশ-রাজস্থানের পর ছত্তীসগঢ়েও বিজেপির জয়জয়কার

জানা গিয়েছে, পাঁচ রাজ্যের ফলাফলের বিশ্লেষণের পাশাপাশি আগামী দিনে বিজেপির বিরুদ্ধে কী রণকৌশল হবে, সেটাও আলোচনা হবে ওই বৈঠকে। তবে বিরোধী জোটের কোন কোন নেতা ওই বৈঠকে যাবেন তা নিয়ে এখনও সংশয় আছে। জানা গিয়েছে, পাঁচ রাজ্যের নির্বাচন ইন্ডিয়ার ব্যানারে হয়নি। এই রাজ্যগুলিতে কার্যত একাই লড়ছে কংগ্রেস। এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মধ্য প্রদেশে ২৩০টি আসনের মধ্যে ১৫৬ টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৭১ আসনে। ২০১৮-র বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দেড় বছরের মাথাতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাহায্যে দু’ডজন বিধায়ক ভাঙিয়ে মুখ্যমন্ত্রী কমল নাথের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। তেলঙ্গানায় পালাবদলের বড় ইঙ্গিত মিলেছে। কেননা ৬৫ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আর বিআরএস এগিয়ে রয়েছে ৪৬ আসনে।

 

তেলঙ্গানায় দু’টি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কামারেড্ডি ও গজওয়েল। লেটেস্ট ট্রেন্ডে, পুরনো কেন্দ্র কামারেড্ডি থেকে এগিয়ে আছেন কেসিআর, কিন্তু পিছিয়ে নতুন কেন্দ্রে। কেসিআর-এর দলকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে রয়েছে কংগ্রেস। জানা গিয়েছে, বিজেপি এগিয়ে মাত্র ৩টি আসনে, আর আসাউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এগিয়ে রয়েছে মাত্র ৪টি আসনে। ইতিমধ্যেইও হায়দ্রাবাদের কংগ্রেস অফিসের বাইরে কংগ্রেস কর্মীদের শুরু হয়েছে জয়ের উদযাপন। অন্যদিকে, রাজস্থানে এগিয়ে রয়েছে বিজেপি। রাজস্থান কংগ্রেসের হাতছাড়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও গণনার শুরু থেকেই ছত্তীসগঢ়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। এগিয়ে রয়েছে বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেও বিজেপি যে ফের নরেন্দ্র মোদিকে সামনে রেখেই ২৪-এর ভোট ময়দানে নামবে তা পুরোপুরি স্পষ্ট৷ বিরোধী ঐক্যের অন্যতম প্রধান দল কংগ্রেস যদি এই রাজ্যগুলিতে নিজেদের ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়, তবে স্বাভাবিকভাবেই জোটের মধ্যেও দলের এবং দলনেতার গ্রহণযোগ্যতা কমবে৷

About Post Author