সময় কলকাতা ডেস্ক, ৭ ডিসেম্বরঃ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের জেরে শুরু দুর্যোগ। ইতিমধ্যেই সাইক্লোন মিগজাউম গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হওয়ায় মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবারই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে মিগজাউম। এই সাইক্লোনের প্রভাবে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি হবে বলেই জানা গিয়েছে। শনিবার থেকেই বঙ্গে জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ৭ তারিখের পর সাইক্লোন মিগজাউমের প্রভাব অনেকটাই কমবে এবং রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করবে। যার কারণে ধীরে ধীরে তাপমাত্রার পারদ অনেকটাই কমবে। শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে।
হাওয়া অফিস সূত্রের খবর, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর কারণে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সাইক্লোনের ফলে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশে বাধাপ্রাপ্ত হয়েছিল। তবে আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে বাংলায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ বাড়বে। এদিন কলকাতার আকাশ দিনভর মেঘলাই থাকবে। ভোর হতেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৯ থেকে ৭৭ শতাংশ।
পূর্বাভাস বলছে, বৃহস্পতিবারও পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে দিনভর বৃষ্টি হবে। ওড়িশার উপকূলবর্তী জেলাগুলোয় ইতিমধ্যেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাই, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং দক্ষিণ কর্নাটকে ও কেরালায় বৃষ্টি হচ্ছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। অন্যদিকে, লাক্ষাদ্বীপে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কঙ্কন ও গোয়া উপকূল, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও চার-পাঁচ দিন শুকনো আবহাওয়া থাকবে।


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
রং যেন মোর মর্মে লাগে – উৎসবে সমাজকর্মী কাউন্সিলরের আহ্বান
লক্ষ্মীর ভান্ডারে লক্ষীলাভ : নববারাকপুরে মহামিছিল