সময় কলকাতা ডেস্ক, ১৩ ডিসেম্বর: জলের ট্যাঙ্ক ভেঙে বড়সড় দুর্ঘটনা বর্ধমান স্টেশনে। বুধবার বেলা ১২টা নাগাদ স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে আহত একাধিক। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নেমেছে বর্ধমানের জিআরপি ও আরপিএফ এবং বর্ধমান থানার পুলিশ। গোটা ঘটনায় স্টেশন চত্বরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন Uefa Champions League: পিছিয়ে পড়েও দুরন্ত জয়, গ্রুপের শীর্ষে থেকে নকআউটে রিয়াল মাদ্রিদ
অন্যদিকে, এই ঘটনার জেরে বর্ধমান স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বাকি প্ল্যাটফর্মগুলি থেকে ধীর গতিতে চলছে ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে ১৫ হাজার ৮০০ গ্যালনের বিশাল জলের ট্যাঙ্কটি রাখা ছিল। আচমকাই সেটি ভেঙে পড়ে ঘটে যায় বিপত্তি। প্ল্যাটফর্মে সেই সময় বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাঁদের গায়ের উপরই গিয়ে ভেঙে পড়ে ট্যাঙ্কটি। প্ল্যাটফর্মে থাকা বাকি রেলের প্যাসেঞ্জাররা সেখানে ছুটে আসেন।
আরও পড়ুন পাহাড়েও শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ জিটিএ-র বিরুদ্ধে , সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর
ঘটনার খবর পেয়েই ছুটে আসেন রেলপুলিশ ও দমকল কর্মীরা। স্টেশন চত্বরে তুমুল হৈ হট্টগোল শুরু হয়। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে তারা উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। ধ্বংসস্তুপের ভিতরে বেশ কয়েকজন আটকে পড়ে থাকতে পারেন বলেই অনুমান করা হচ্ছে। আহত নয় থেকে দশজন। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে কলেজে নিয়ে যাওয়া হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ইতিমধ্যেই যাত্রীরা রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এই ঘটনা বড় আকার নিয়েছে বলে দাবি করছেন বর্ধমান দক্ষিণের তৃণমূলের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, ‘তাপ্পি দিয়ে আর কতদিন চলবে? পুরোপুরি রেলের গাফিলতি। ভাঙা জিনিসের উপরেই তারা সুন্দর করে রং করে দেয়।’


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?