সময় কলকাতা ডেস্ক, ২৬ ডিসেম্বর: ফের শিয়ালদা আদালতে হাজিরা দিলেন বলিউড অভিনেত্রী জারিন খান (Zarine Khan)। আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে সলমন খানের নায়িকার বিরুদ্ধে। মঙ্গলবার শিয়ালদা আদালতে হাজিরা দেন তিনি। এই নিয়ে এই মাসে দু’বার কলকাতার শিয়ালদা আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী।

বড়দিনের পরের কলকাতা এলেন অভিনেত্রী জারিন খান। তবে কোনও সিনেমার শ্যুটিং করতে নয়। কোনও অনুষ্ঠানে যোগ দিতেও নয়। আর্থিক প্রতারণার মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে। মঙ্গলবার দুপুরে শিয়ালদা আদালতে হাজির হন সলমন খানের ছবির এই নায়িকা। তাঁর পরনে ছিল কালো-সাদা প্যান্ট ও ডেনিম ব্লু রঙের একটি টপ। মুখ ঢাকা ছিল সার্জিকাল মাস্কে। আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের ঘেরাটোপ টপকে সোজা ঢুকে যান আদালতের মধ্যে।
উল্লেখ্য, ইতিমধ্যে প্রতারণা মামলার চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। এর আগে অভিনেত্রী জারিন খানকে তলবও করা হয়েছিল একাধিকবার। কিন্তু তিনি হাজিরা দেননি। জারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। দীর্ঘ লুকোচুরির পর অবশেষে গত ১১ ডিসেম্বর সশরীরে হাজিরা দেন অভিনেত্রী। আদালতে হাজিরা দিয়ে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছিল আদালত। শর্ত রয়েছে বিদেশে যেতে হলে আদালতের আগাম অনুমতি নিতে হবে। ২৬ ডিসেম্বর আগামী শুনানিতে অভিনেত্রীকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। সেই সেই মতো আজ আদালতে হাজিরা দিতে আসেন জারিন।

জারিনের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। ২০১৮ সালে কালীপুজোর এক অনুষ্ঠানে যোগ দিতে এরাজ্যে আসার কথা ছিল তাঁর। কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ৬টি জায়গায় অনুষ্ঠান করার কথা ছিল। তবে অভিযোগ টাকা নিয়েও সেই অনুষ্ঠানে তিনি যোগ দেননি। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা জারিনের বিরুদ্ধে ১২ লাখ টাকা প্রতারণার অভিযোগ তোলে। কলকাতার নারকেলডাঙা থানায় অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত ৭ সেপ্টেম্বর সেই অভিযোগের ভিত্তিতে শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করেছিল পুলিশ। সেই মামলায় একমাসে দু’বার হাজিরা দিতে কলকাতা এলেন সলমনের নায়িকা।


More Stories
সব্যসাচীকে গ্রেফতার করিয়েছেন কাকলি, অভিযোগ কল্যাণের
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার