Home » ফিরে দেখা : ২০২৩ সালের অন্যতম প্রধান ২৩ টি আন্তর্জাতিক ঘটনা

ফিরে দেখা : ২০২৩ সালের অন্যতম প্রধান ২৩ টি আন্তর্জাতিক ঘটনা

সময় কলকাতা ডেস্ক, ৩১ ডিসেম্বর:  পালাবদলের পালা ২০২৩ জুড়ে। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট বিরাট এমন কিছু ঘটনা ঘটেছে যার প্রভাব এত বেশি যা ইতিহাসের বইয়ে চিরকালীন জায়গা করে নিতে পারে। রয়েছে রাজনৈতিক পালাবদল। রয়েছে ক্ষমতা ও দম্ভের মোহে মানুষের মানুষকে শত্রু করে তোলা।রয়েছে সভ্যতার বিষবাষ্পে প্রকৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাসযোগ্য না করে তোলার সীমাহীন পাপ যার ফলে এখন থেকেই মাশুল গুনতে হচ্ছে মানুষকে। যুদ্ধ, প্রাকৃতিক ঝঞ্ঝা , রাজনৈতিক পালাবদল, আন্তর্জাতিক মানচিত্রে কিছু নতুন মুখের আগমন আর কিছু মুখের আমাদের ছেড়ে যাওয়া – সবমিলিয়ে সার্বিকভাবে অতীতের অ্যালবাম সাদাকালো হলেও অত্যন্ত বর্ণময় হয়ে উঠেছে ২০২৩। জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত অন্যতম প্রধান ২৩ টি ঘটনা কী কী ছিল?

আরও পড়ুন   ফিরে দেখা ২০২৩ নক্ষত্রপতন

১. ব্রাজিল – প্রেসিডেন্ট নির্বাচন

ব্রাজিলে নতুন বছরের শুরুতেই নির্বাচনে প্রেসিডেন্ট হয়ে ফিরে আসেন ৭৮ বছর বয়সী লুইস লুলা দ্য সিলভা। তিনি ছিলেন দেশের ৩৯ তম প্রেসিডেন্ট। তাঁর পরাজিত প্রতিদ্বন্দ্বী জাইর বলসোনারোর সমর্থকেরা পরাজয় মেনে নিতে না পেরে ভাঙচুর চালায় ব্রাজিলের পার্লামেন্টে। বলসোনারো ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ৩৮ তম প্রেসিডেন্ট ছিলেন ব্রাজিলের।

২. মার্কিন কংগ্রেসে স্পিকার নির্বাচন

২০২৩ সালে কেভিন ম্যাকার্থির উদয় মার্কিন কংগ্রেসে স্পিকার নির্বাচন নিয়ে অচলাবস্থার সৃষ্টির পরবর্তী সময়ে । অবশেষে ১৫ দফা ভোটাভুটি শেষে স্পিকার নির্বাচিত হন রিপাবলিকান পার্টির কেভিন ম্যাকার্থি। ক্যালিফোর্নিয়ার ৫৮ বছর বয়সী ম্যাকার্থি মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেসেন্টেটিভসের ৫৫ তম স্পিকার।

৩ ভূমিকম্পের ঘনঘটা 

সারা বছর ধরেই বিশ্বে এমন কিছু ভূমিকম্পের ঘটনা ঘটেছে যা কয়েকটি দেশকে প্রবল বিপর্যয়ের সামনে দাঁড় করিয়েছে। সেপ্টেম্বরে মরক্কো বা অক্টোবরে আফগানিস্তানে ভূমিকম্পে সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটলেও সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ঘটে ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে যার ফলশ্রুতি হিসেবে প্রায় ৫১ হাজার লোকের প্রাণহানি ঘটে তুরস্কে যা সর্বকালের ভয়ংকরতম ভূমিকম্পের মধ্যে পরিগণিত হতে বাধ্য। তুরস্ক ও সিরিয়া সীমায় ফেব্রুয়ারি মাসের এই ভূমিকম্পে মোট ষাট হাজার মানুষের মৃত্যু হয় । তুরস্ক ছাড়াও ৯ হাজার মানুষ মারা যায় সিরিয়ায়।

৪. বেলুন নিয়ে শোরগোল

বেলুন নিয়ে সরগরম বিশ্ব, বিশ্বের কূটনৈতিক স্তরে বেলুন নিয়ে শোরগোল। ফেব্রুয়ারির গোড়ার দিকে যুক্তরাষ্ট্র চীনের একটি বেলুন ভূপাতিত করার পর বিষয়টি সবার মনোযোগ আকৃষ্ট করে। কয়েক স্থানে বেলুন সদৃশ বস্তু ফেলে দেওয়ার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ও কানাডার কর্তৃপক্ষকে ব্যতিব্যস্ত রাখে এই বেলুন। চীন অবশ্য আকাশে বেলুন পাঠানোর কথা স্বীকার করে বলেছে, এগুলো ওয়েদার বেলুন, আবহাওয়া সম্পর্কিত উপাত্ত জোগাড় করাই উদ্দেশ্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৬ ফেব্রুয়ারি বলেন, ‘বেসরকারি কোম্পানির তৈরি করা বেলুনগুলো সম্ভবত বিনোদন অথবা গবেষণামূলক কাজের জন্য তৈরি করা হয়ে থাকতে পারে’। এগুলো চীনের গোয়েন্দা কর্মসূচির অংশ নয় বলে তিনি মন্তব্য করেন। তবে তিনি একথাও বলেন যে, ‘বেলুনগুলো আমেরিকার জনগণের নিরাপত্তার জন্য হুমকি হলে আমরা তা ভূপতিত করব ’। যাই হোক, এ নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের নতুন করে কোনো টানাপোড়েন তৈরি হয়নি। ২০০ ফুট দীর্ঘাকায় বেলুনগুলো ৬০ হাজার ফুট ওপর দিয়ে ঘণ্টায় ১৫ হাজার মাইল পরিভ্রমণ করতে পারার ক্ষমতা সম্পন্ন ছিল। তবে চীনের দাবি, এই বেলুন আবহাওয়া পর্যবেক্ষণ বিমান এবং তা নিয়ন্ত্রণ হারিয়ে যুক্তরাষ্ট্রের দিকে চলে যায়। বেলুন নিয়ে শোরগোল থেমে যায় কিছু পরে, যদিও বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়ে যায় বেলুন।

৫. নাইজেরিয়ার প্রেসিডেন্ট

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেই এক দশকেরও বেশি সময় পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচিত হন বোলা তিনুবু। ৭১ বছর বয়সী বোলা আহমেদ তিনুবু দেশের ষোড়শ রাষ্ট্রপতি।

৬ ট্রাম্প কেলেঙ্কারি

এবছরে সারাবিশ্বে তোলপাড় পড়ে যায় আমেরিকার একটি ঘটনায় যখন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস মানহানি মামলায় অভিযুক্ত করেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
মাসে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনও প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হন ডোনাল্ড ট্রাম্প। এরপর একে একে নিউইয়র্ক, কলোরাডো, ওয়াশিংটনসহ বিভিন্ন স্থানে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হন ট্রাম্প।

৭ চিনকে ছাড়াল ভারত

লোকবলে ভারত এক নম্বরে ।চিনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা পায় ভারত। তথ্য বলছে, ভারতের জনসংখ্যা এই মুহূর্তে ১৪৩ কোটির বেশি। স্বাভাবিক ভাবেই চীনের জনসংখ্যা এই মুহূর্তে বিশ্বে দ্বিতীয়।

৮ মহারাজা চার্লস, তোমারে সেলাম

 এবছরের  অন্যতম প্রধান ঘটনা হিসাবে  মে মাসের প্রথম সপ্তাহে ওয়েস্টমিনিস্টারে রাজ্যাভিষেক হয় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের।লন্ডন ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এক জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানে রাজা চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরানো হয়েছে। যুক্তরাজ্যে গত ৭০ বছরে এটি ছিল এ ধরনের প্রথম অনুষ্ঠান।রাজা চার্লসের মাথায় রাজমুকুট পরানোর পর পরই ওয়েস্টমিনস্টার অ্যাবির ভেতরে এবং বাইরে “গড সেভ দ্য কিং” ধ্বনি শোনা যেতে থাকে।

৯ তোরা যুদ্ধ করে করবি কি তা বল

পুতিন ২০২৩ সালের মে মাসে ইউক্রেনের শহর বাখমুতের দখল করার কথা ঘোষণা করেন। পাশাপাশি ইউক্রেন এই যুদ্ধে পূর্ণ -উদ্যমে সামিল হওয়ায় যুদ্ধ বরাবরই চলেছে আপন গতিতে।উল্লেখ্য, ইউক্রেনের বিরুদ্ধে ২০২২-এর ফেব্রুয়ারিতে রাশিয়া যুদ্ধ শুরু করেছিল। এ বছর বড় কোনো সাফল্য জোটেনি ইউক্রেনের। ছোট ছোট যা কিছু অগ্রগতি হয়েছে তার জন্য অনেক বড় মাশুল দিতে হয়েছে। সব মিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিছুই প্রাপ্তি যোগ হয়নি যুদ্ধেরত দুটি দেশের।

১০ তুর্কিতে আবার এরদোয়ান
আরেকটি অন্যতম প্রধান  ঘটনা তুরস্কের  প্রেসিডেন্ট নির্বাচন। আবার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন রিসেপ তাইয়েপ এরদোয়ান।কুড়ি বছর ধরে তুরস্কের রাষ্ট্রপতির পদে রয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত ২৮ মে আরও ৫ বছরের জন্য তুরস্কে মসনদে বসেছেন তিনি।

১১. ফুসমন্তর: ভ্যানিস চিনামন্ত্রী
বলা নেই, কওয়া নেই অথচ ২০২৩ সালের জুন মাসে হঠাৎ গায়েব হয়ে যান চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাং। কারণ হিসেবে চীন সরকার জানায়, তাঁর শারীরিক পরিস্থিতি সুবিধার নয়। অবশ্য এর পরও আর দেখা যায়নি শিন গ্যাংকে।

১২ প্রিগোঝিনের হত্যার নেপথ্যে

২০২৩ সালের আগস্ট মাসে বছরের আলোচিত ঘটনার একটি ঘটে এই মাসে। রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রতিষ্ঠাতা ও পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইয়েভজেনি প্রিগোঝিন এ মাসেই মারা যান। এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর অনেকেই অভিযোগ তোলেন, এর পেছনে পুতিনের হাত রয়েছে। কারণ, প্রিগোঝিন মৃত্যুর কয়েক মাস আগে রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সীমান্ত পেরিয়ে ইউক্রেন থেকে রাশিয়ায় ঢুকে পড়েছিলেন।

১৩ জাস্টিন ট্রুডো ও ভারত- কানাডা সম্পর্ক

সেপ্টেম্বর মাসে কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে ভারত কানাডার দীপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকে।কানাডার মাটিতে শিখ নেতাকে হত্যার পেছনে ভারত সরকারের হাত রয়েছে—এমন অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। এমনকি কূটনৈতিক প্রত্যাহারের ঘটনা পর্যন্ত ঘটে। ভারত কানাডায় কনস্যুলার-সেবাও বন্ধ করে দেয়।

১৪ নাগোর্নো-কারাবাখ

 এবছর বলেই নয় যুগ যুগ ধরে বিশ্বের রাজনৈতিক মানচিত্রে অন্যতম প্রধান  ঘটনা হিসেবে বিবেচিত   নাগর্নো-কারাবাখের অধিকার নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার বিরোধ। তিন দশকেরও বেশি সময় ধরে চলা নাগোর্নো-কারাবাখকে কেন্দ্র করে এবছর গড়ে উঠেছে নতুন অধ্যায় । অঞ্চলটি দখল করে নেয় আজারবাইজানের সেনাবাহিনী।উল্লেখ্য,সোভিয়েত ইউনিয়ন পতনের তিন দশক পরও এর আফটার শক মিলিয়ে যায়নি। তবে এখন আর্মেনীয় অধ্যুষিত আজারি ছিটমহল নগর্নো কারাবাখ এখন পুরো আজারবাইজানের অংশ। জাতিগত আর্মেনীয়রা এর বাসিন্দাদের সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এটি আজারবাইজানের সঙ্গে যোগ দিতে গররাজি ছিল। ১৯৯১ সালে নগর্নো কারাবাখ স্বাধীনতা ঘোষণা করলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ বেধে যায়। রাশিয়ার মধ্যস্থতায় ১৯৯৪ সালে ঐ যুদ্ধ শেষ হয়। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এ বছর সেপ্টেম্বরে আজারবাইজান ফের হামলা চালিয়ে ছিটমহলটি অধিগ্রহণ করে নেয়। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন যুদ্ধ আজারবাইজানকে এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে থাকতে পারে।

১৫ সরে দাঁড়ালেন রুপার্ট মারডক

 বছরের অন্যতম প্রধান  ঘটনা হিসেবেই সাত দশক পরে ২০২৩সালের সেপ্টেম্বরে মিডিয়া মুঘল হিসেবে পরিচিত রুপার্ট মারডক ৯২ বছর বয়সে ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যানের পদ ছেড়ে দেন।অস্ট্রেলিয়াতে সংবাদপত্র, পত্রিকা ও টেলিভিশন কেন্দ্র স্থাপনের মাধ্যমে ব্যবসা শুরু করার পর তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মনোনিবেশ করেন এবং বর্তমানে বিশ্বের স্যাটেলাইট টেলিভিশন, চলচ্চিত্র, ইন্টারনেট ও অন্যান্য গণমাধ্যমের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিনত হন।

১৬ ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ
২০২৩ সালের  অন্যতম প্রধান ঘটনা ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধ। অক্টোবর মাসে শুরু হয় ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ যা কিনা বিভিন্ন কারণে  বছরের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। ৭ অক্টোবর ইসরায়েলি সীমান্ত ভেদ করে দেশটির অভ্যন্তরে হামাসের ঢুকে পড়ার পরেই শুরু হয় সংকট । এ সময় হামাসের হাতে প্রায় ২ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং গোষ্ঠীটি কার্যত অপহরণ ও যুদ্ধবন্দী করে আনে ২৪০ জন ইসরায়েলি ও বিভিন্ন দেশের নাগরিককে। সেদিনই হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েল। সেই হামলায় এখন পর্যন্ত ২১ হাজার প্যালেস্টাইনের নিহত হয়েছে। প্যালেস্টাইন অধ্যুষিত গাজা ভূখণ্ড ইসরায়েলের বোমা হামলায় ক্ষতবিক্ষত ও রক্তস্নাত হয়ে চলেছে।১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর ৫০ বছরে এত ব্যাপক লড়াই আর হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে রাজনৈতিক চাপের মধ্যে ছিলেন সেটা কেটে গিয়েছে ।তিনি আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় বিমান ও স্থল হামলা অব্যাহত রাখেন বছরের প্রায় শেষ পর্যন্ত। কাতারের মধ্যস্থতায় মাঝে এক সপ্তাহের মতো অস্ত্রবিরতি হলেও তাও স্থায়ী হয়নি। যুদ্ধ ও প্রাণহানি জারি আছে।।

১৭ ডার্ক পাকিস্তান

সংকট কাটছে না পাকিস্তানের। আরও একটি অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটময় সময় পার করে এ বছর। চলতি বছর মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি টাকার দর তিনশো ছাড়িয়ে যায় যা রেকর্ড । অক্টোবরে মুদ্রাস্ফীতি প্রায় ২৭ শতাংশে পৌঁছে। এবছরই মে মাসে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার হন।আগস্টে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে সেই তারিখে নির্বাচন হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। দেশটির আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অক্টোবরে চার বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে দেশে ফেরেন। সবমিলিয়ে ঘটনাবহুল হলেও অন্ধকার কাটছে না পাকিস্থানে।

১৮ ক্ষমতায় ফিরলেন ডোনাল্ড টাস্ক

পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নির্বাচনে জয়লাভ করেন এবং জোট সরকার গঠন করে ক্ষমতায় আসেন। ৬৬ বছর বয়সী টাস্ক এর আগেও প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ক্ষমতায় ফিরলেন প্রায় ৯ বছর পরে।।

১৯ কৃত্রিম বুদ্ধিমত্তার হালহকিকৎ

প্রযুক্তির জগত দ্রুত পরিবর্তনশীল , এদিকেই এখন সারা বিশ্বের চোখ।২০২৩ সালের নভেম্বর মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা টেক দুনিয়ার সবচেয়ে আলোচিত ঘটনা বোধ হয় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহীর পদ থেকে স্যাম অল্টম্যানকে বরখাস্ত করা। অবশ্য কিছুদিন পরেই তাঁকে ফিরিয়ে নেয় চ্যাটজিপিটি।

২০ চিকিৎসা জগতে আলোড়ন 

 এ বছরের অন্যতম প্রধান ঘটনা হিসেবে চিকিৎসা ক্ষেত্রে ঘটে যায় বিপ্লব।  ওজন কমানোর ক্ষেত্রে যুগান্তকারী ওষুধ ‘উইগভি’ বাজারে আনে নভো নরডিস্ক। এই ওষুধ মৃত্যুর ঝুঁকি ১৮ শতাংশ কমিয়ে দিয়েছে বলে জানা গেছে গবেষণা থেকে। স্থূলতা বা ওজন কমানোর ক্ষেত্রে এই ওষুধ একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে বলেই মনে করা হচ্ছে।

২১ গ্রিট উইল্ডার্স

ডাচ কট্টর ডানপন্থী নেতা গ্রিট উইল্ডারস ও তাঁর দল নেদারল্যান্ডসের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়। হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ এবং পাকিস্তানে হিন্দুদের নির্যাতিত তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন নেদারল্যান্ডসের রাজনীতিবিদ গ্রিট উইল্ডার্স। ইসলাম-বিরোধী হিসেবে পরিচিত নেতা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী হলে তিনি চুপ করে বসে থাকবেন না। এর আগেও নুপুর শর্মার ইসলাম বিরোধী মন্তব্যে সরাসরি সমর্থন জানিয়েছিলেন গ্রিট উইল্ডার্স ।

২২ ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের পতনে দোষী ফ্রাইড

ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এফটিএক্সের পতনের জন্য প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত হন স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড।ক্রিপ্টো এক্সচেঞ্জ এফটিএক্সের সিইও স্যাম ব্যাঙ্কম্যান ফ্রাইড রাতারাতি ধনুকূবের থেকে পথের ভিখিরি হয়ে গেছেন।। একদিনে তাঁর মোট সম্পত্তির ৯৪ শতাংশ উধাও হয়ে গিয়েছে।

২৩ আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট
আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৫৩ বছর বয়সী জাভিয়ার মিলেই। মিলেই আদতে একজন অর্থনীতিবিদ এবং তিনি আর্জেন্টিনায় নতুন যুগ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। নতুন যুগ গড়ার স্বপ্ন দেখার মধ্যে দিয়েই প্রবেশ ২০২৪ সালে।।

About Post Author