Home » বাঙালির পিঠে প্রেম ও বর্ধমানের পিঠে কাব্যের দিনকাল

বাঙালির পিঠে প্রেম ও বর্ধমানের পিঠে কাব্যের দিনকাল

সুজয় ভট্টাচার্য ও পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা , ৫ জানুয়ারি : বাঙালির পিঠেপ্রেম দীর্ঘদিনের। হেমন্ত আর শীতকাল জুড়ে চলতে থাকে বাঙালির পিঠেপ্রেম। বাঙালির পিঠে প্রেমের কাব্যের সঙ্গে জড়িয়ে আছে নবান্ন ও বাংলার সংস্কৃতি। বাঙালির ঘরে নতুন ধান উঠলে নতুন ধানের চাল থেকে বাঙালির ঘরে ঘরে প্রস্তুত হয় পিঠে, যার সঙ্গী হেমন্তের নতুন গুড় বা নলেন গুড় । অগ্রহায়ন ও পৌষ মাস জুড়ে বাংলার #পিঠে খাওয়ার উৎসব চললেও আনুষ্ঠানিকভাবে পিঠে খাওয়ার দিন মকরসংক্রান্তির দিন বা পৌষ মাসের শেষ দিন। পৌষ সংক্রান্তি আসার আগেই বাংলার ঘরে ঘরে পিঠে খাবার উৎসব শুরু হয়ে যায় অগ্রহায়নকে বহুদিন আগে বাংলার প্রথম মাস হিসেবে ধরা হত কারণ অগ্র মানে প্রথম প্রথম আর হায়ন মানে মাস। অর্থাৎ পৌষ অগ্রহায়ন জুড়েই চলতে থাকে পিঠে খাওয়ার উৎসব। বাংলার ঘরে ঘরে পিঠে তৈরি হয়ে এসেছে আবহমান কাল ধরে। নতুন ধানের সৌরভ যখন বাংলার প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ে তখন থেকেই হয়ে পিঠের দিন। পিঠের উৎসব চলেছে শতাব্দীর পর শতাব্দী ধরে, তার প্রমাণ মেলে মধ্যযুগের বাংলা সাহিত্যেও ।ষোড়শ শতকে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর মঙ্গলকাব্যেও রয়েছে পিঠের বর্ণনা। ধানের গোলার সঙ্গে যোগ রয়েছে পিঠের।আর বাংলার ধানের গোলা বলা হয় বর্ধমানকে। স্বাভাবিকভাবেই বর্ধমানের সঙ্গে পিঠের  যেন নাড়ির যোগ।

দিনকাল পাল্টেছে। মা- মাসিদের হাতে পিঠের দিনও যেন ছোট হয়ে এসেছে। আগের মত বাঙালির ঘরে ঘরে আজকাল আর পিঠে হয় না। বাংলার ধানের গোলা বর্ধমানের চিত্রও একই রকম। এখন বর্ধমান জুড়ে দোকানে দোকানে প্রস্তুত হয় পিঠে। সময় কলকাতার ক্যামেরায় ধরা পড়ল বর্ধমানের পিঠের কাব্য।

বঙ্গ জুড়ে প্রযুক্তির যুগে বিভিন্ন মিষ্টির দোকানে বেশ কিছুদিন ধরেই তৈরি হওয়া শুরু হয়েছে পিঠে। বর্ধমানেও একই ছবি –  নারীরা সময়ের সাথে সাথে বাইরের দুনিয়ায় কাজের সূত্র ধরে যাতায়াত করেন।সময়ের অভাব, আবার বানাতেই জানেন না অনেকে শীতকালীন বিভিন্ন পিঠে, আর শীত পড়তেই তারই সাধ পূরণ করতে কালনা- কাটোয়া জুড়ে মিষ্টির দোকানেই তৈরি হচ্ছে শীতকালীন পাটিসাপটা। দোকানদারের কথায়, প্রতিদিনই দশ থেকে পনেরো কেজি সন্দেশের পাটিসাপটা তৈরি হচ্ছে দোকানে, চাহিদা অনুযায়ী ঠিকমত তাদের সরবরাহ করা যাচ্ছে না জানাচ্ছেন দোকানি । মূলত বর্তমানে বহু মানুষেরই সময়ের অভাব, একই সাথে আগের মা ঠাকুমাদের মতন অনেকেই পিঠে কিভাবে বানাতে হয় তাই জানেন না। আর সেই কারণেই মিষ্টির দোকানগুলিতে বাড়ছে চাহিদা। সবমিলিয়ে, পৌষ সংক্রান্তির আগেই দোকানে দোকানে পিঠের জনপ্রিয়তা বাড়ছে যা কিনা শুধু শীতকালেই সীমাবদ্ধ নয়- বছরভর পিঠের উৎসব চলছে বর্ধমান সহ বাংলায় বিভিন্ন মিষ্টির দোকানের সৌজন্যে।।

About Post Author