Home » Milind Deora: ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরুর দিনেই ভাঙন কংগ্রেসে, “৫৫ বছর” পর দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন মিলিন্দ দেওরার

Milind Deora: ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরুর দিনেই ভাঙন কংগ্রেসে, “৫৫ বছর” পর দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন মিলিন্দ দেওরার

সময় কলকাতা ডেস্ক, ১৪ জানুয়ারি: লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করার উদ্দ্যেশ্যে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করছেন রাহুল গান্ধি। রবিবার মনিপুর থেকে যাত্রা শুরু করবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তবে তার আগেই কংগ্রেসে ভাঙন। কংগ্রেসের সঙ্গে ৫৫ বছরের পারিবারিক সম্পর্কে ইতি টানলেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা (Milind Deora)। এদিনই শিবসেনার একনাথ শিন্ডে শিবিরে নাম লেখালেন দক্ষিণ মুম্বইয়ের প্রাক্তন সাংসদ।

নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন মিলিন্দ। তিনি লিখেছেন, “ আজ আমার রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। আমি কংগ্রেস দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। কংগ্রেসে সঙ্গে ৫৫ বছরের পারিবারিক সম্পর্ক এখানেই শেষ হল। যাঁরা আমার প্রতি অনেকগুলি বছর নিজেদের সমর্থন দিয়েছেন সেই নেতা,সতীর্থ ও কার্যকর্তাদের কাছে কৃতজ্ঞ।”

আরও পড়ুন: OPTICAL ILLUSION: পৃথিবীর মাত্র ৩ শতাংশ মানুষ পেরেছেন ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

কংগ্রেসের সঙ্গে মুম্বইয়ের দেওরা পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। এক সময় মুম্বই দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে টানা সাংসদ নির্বাচিত হতেন মিলিন্দের বাবা মুরলী দেওরা। বাবার মৃত্যুর পর ছেলে মিলিন্দও অনেকবার দক্ষিণ মুম্বই লোকসভা কেন্দ্র থেকে সংসদে গিয়েছেন। কিন্তু ২০১৪ এবং ২০১৯ সালে পরপর দুবছর লোকসভা নির্বাচনে তাঁকে হারতে হয়। শিবসেনা প্রার্থী অরবিন্দ সাওয়ান্তের কাছে হারতে হয়েছিল মিলিন্দকে। জোটের কারণে আগামী লোকসভা নির্বাচনে এই আসন শিবসেনাকে ছাড়তে পারে কংগ্রেস। আর এই আসনে ফের প্রার্থী হতে পারেন অরবিন্দ। তাই আগামী লোকসভা নির্বাচনে মিলিন্দ দেওরার এই আসনে টিকিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। রাজনৈতিক মহলের ধারণা সেই পাটিগাণিতিক হিসাবনিকাশ করেই দলবদলের কথা ঘোষণা করলেন মিলিন্দ।

“ভারতকে জোড়ার” বার্তা নিয়ে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করার আগে যা রীতিমত বিপাকে ফেলে দিয়েছে কংগ্রেস শিবিরকে। যদিও দেওরার দলত্যাগ আগামী নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না বলে দাবি কংগ্রেসের। উল্টো দিকে, নিজের দলকে জুড়ে রাখতে পারেন না বলে রাহুল ও কংগ্রেসের উদ্দ্যেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি শিবির।

About Post Author