Home » যাদবপুরের ছাত্রী রেনেসাঁ দাসের রহস্য মৃত্যুকে বহিরাগত দুষ্কৃতীদের হাতে খুন বলছে বাংলা পক্ষ

যাদবপুরের ছাত্রী রেনেসাঁ দাসের রহস্য মৃত্যুকে বহিরাগত দুষ্কৃতীদের হাতে খুন বলছে বাংলা পক্ষ

সানী রায়, ৩:ফেব্রুয়ারি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  বিশেষভাবে সক্ষম ছাত্রী রেনেসাঁ দাসের রহস্য মৃত্যু ঘিরে ইতিমধ্যেই সরব বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সংগঠন। এবার পথে নামল বাংলা পক্ষ। তাদের বক্তব্য, বঙ্গে সক্রিয় হয়ে উঠেছে বহিরাগত দুষ্কৃতীদের দৌরাত্ম্য যার জেরে প্রাণ দিতে হয়েছে বাঙালি ছাত্রীকে।আর এই ঘটনাকে খুন হিসেবেই দেখছে বাংলা পক্ষ।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি জলপাইগুড়ি জেলার মালবাজারে নিজের দাদুর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রেনেসাঁ দাসকে।  তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়েছিল, যার ফলশ্রুতিতে আত্মহননের পথ বেছে নিতে হয় বিশেষভাবে সক্ষম ছাত্রীকে এমন অভিযোগ আনে বিশেষভাবে সক্ষম ছাত্রীর পরিবার। এবার এই আত্মহত্যার বিষয়ে আন্দোলন শুরু করল বাংলা পক্ষ।তাঁদের অভিযোগ “বহিরাগত ক্রিমিনাল সুরজ ঝাঁ এবং পাপ্পু সোনা গান্ধীর শারীরিক-মানসিক অত্যাচারে” যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন, মেধাবী বাঙালি ছাত্রী  রেনেসাঁ দাস আত্মহত্যা করেছে। এই আত্মহত্যাকে খুন হিসেবেই দেখছে বাংলা পক্ষ। তাই রেনেসাঁ দাসের রহস্য মৃত্যুতে এক ধাপ এগিয়ে খুনের অভিযোগ তুলে বাঙালি মেয়ের খুনিদের শাস্তির দাবিতে গর্জে উঠল বাংলা পক্ষ।

বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, “আমাদের জলপাইগুড়ি জেলার বোন, বাঙালি বোন রেনেসাঁ দাসকে অত্যাচার করে খুন করেছে দুই বহিরাগত জন্তু সুরজ ঝাঁ এবং পাপ্পু সোনা গান্ধী। এই গুন্ডাদের বাংলার মাটি থেকে উপড়ে ফেলবে বাংলা পক্ষ। খুনিদের ফাঁসি চাই। আমরা বাংলার মাটিতে কোনো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ক্রিমিনালদের আর মাথা তুলে দাঁড়াতে দেব না।”

বাংলা পক্ষের  সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, “আজ যাদবপুরের বাকি ছাত্র সংগঠনেরা খুনিদের বাঁচাতে ব্যস্ত। বোনের খুনিদের শাস্তির দাবিতে কেউ সোচ্চার নয়। কিন্তু ভাবুন তো যাদবপুরে বাংলা ছাত্র পক্ষর বড় সংগঠন থাকলে কোনো বহিরাগত জন্তু বাঙালি মেয়েকে অত্যাচার তো দূরের কথা, বাঙালি মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকাতে পারতো? আমরা আগামীতে সব বড় ইউনিভার্সিটিতে সংগঠন খুলবো। আমরা যাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগে ৯০% ডোমিসাইল চালু করিয়েছি। এবার সব বিভাগে ডোমিসাইল চালু করাবো। সব বিশ্ববিদ্যালয়ে ডোমিসাইল চালু করাবো৷”

বাংলা ছাত্র পক্ষর তরফে রণ ভট্টাচার্য বলেন, “আমরা যাদবপুর সহ কোনো বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজে, মেডিক্যাল কলেজে যাতে গ্রাম তথা জেলার ছেলেমেয়েরা অত্যাচারিত না হয় সেজন্য বাংলা ছাত্র পক্ষ সব জায়গায় লড়াই করবে এবং সংগঠন খুলবে। আমরা যাদবপুরকে বহিরাগতদের আবাদ ভূমি হতে দেব না।”

আরও পড়ুন জমি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতারির প্রতিবাদে ওয়াকআউট ইন্ডিয়া জোটের সাংসদদের

About Post Author