Home » আবগারি দুর্নীতি মামলায় অষ্টমবার তলব এড়ালেন, ১২ মার্চের পর ইডি মুখোমুখি হতে রাজি অরবিন্দ কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলায় অষ্টমবার তলব এড়ালেন, ১২ মার্চের পর ইডি মুখোমুখি হতে রাজি অরবিন্দ কেজরিওয়াল

সময় কলকাতা ডেস্ক, ৪ মার্চ: আবগারি দুর্নীতি মামলায় ফের ইডির তলব এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে অষ্টমবার ইডির তলব এড়ালেন তিনি। জানা গিয়েছে, আজ দিল্লি বিধানসভায় বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী কেজরীবাল। কার্যত সেই কারণেই তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই সোমবার তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু প্রতিবারের মতোই এবারও সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী। যদিও ইডিকে চিঠি মারফত অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনি প্রস্তুত। তবে ভি়ডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি হাজিরা দিতে রাজি। আগামী ১২ মার্চের পর হাজিরা দিতে পারবেন তিনি।

আরও পড়ুন  ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বিপত্তি, শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছিল ইডি। বিগত চার মাস ধরে দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠাচ্ছে ইডি, কিন্তু প্রতিবারই সমন এড়িয়েছেন তিনি। এর আগে ১২ নভেম্বর ও ২১ ডিসেম্বরও সমন পাঠানো হয়েছিল আপ সুপ্রিমোকে। স্বভাবসিদ্ধভাবে ওই দুই দিনও তিনি হাজিরা দেননি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নতুন বছরের ৩ জানুয়ারি, ১৮ জানুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি হাজিরার জন্য সমন পাঠায় ইডি, সেটিও এড়িয়ে যান কেজরিওয়াল। আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, ইডির তরফে যে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে যে সমন পাঠানো হয়েছে, তা বেআইনি। তদন্তে সহযোগিতা করতে রাজি কেজরিওয়াল, কিন্তু রাজনৈতিক স্বার্থে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে তাঁকে। এর আগে গত মাসেই আবগারি দুর্নীতি মামলায় ভার্চুয়ালি হাজিরা দেন অরবিন্দ কেজরিওয়াল। এদিন আদালতের ‘ছাড়পত্র’ হাতিয়ার করে দিল্লির মুখ্যমন্ত্রী ইডি-র সপ্তম সমনও এড়িয়ে যান।

উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির একের পর এক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। এরপরই এই ইস্যুতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও নোটিস পাঠিয়ে তলব করেছিল ইডি। আবগারি দুর্নীতি মামলায় এর আগে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-কে গ্রেফতার করেছে ইডি। আপ সাংসদ সঞ্জয় সিং-কে জেরা করে ইতিমধ্যেই নতুন কিছু তথ্য পেয়েছে ইডি। গত ৪ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাসভবনে তল্লাশির পর তাঁকে গ্রেফতার করেছিল। দিল্লির মুখ্যমন্ত্রীকে এই নতুন তথ্যগুলির ভিত্তিতে প্রশ্ন করা হবে। বেশ কিছু বিষয়ের স্পষ্টতা চাওয়া হবে। এর আগে গত ১৬ এপ্রিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই মামলায় নয় ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করেছিল সিবিআই। এরপরই ইডির তলবের মুখে পড়ে দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কিছুদিন আগেই উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

About Post Author