Home » Haryana school bus accident: হরিয়ানার স্কুল বাস দুর্ঘটনায় গ্রেফতার স্কুলের প্রিন্সিপাল-সহ ৩, চার সদস্যের তদন্ত কমিটি গঠন

Haryana school bus accident: হরিয়ানার স্কুল বাস দুর্ঘটনায় গ্রেফতার স্কুলের প্রিন্সিপাল-সহ ৩, চার সদস্যের তদন্ত কমিটি গঠন

সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিল: ঈদের দিন স্কুল বাস উলটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে হরিয়ানায়। স্কুল বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ছয় জন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৪ জনেরও বেশি শিশু। এবার এই দুর্ঘটনায় স্কুলের প্রিন্সিপাল দীপ্তি,বাসের চালক ধর্মেন্দ্র এবং স্কুলের সেক্রেটারি হোশিয়ার সিংকে গ্রেফতার করল পুলিশ। সেইসঙ্গে সাসপেন্ড করা হয়েছে একজন রাজ্য সড়ক পরিবহণ আধিকারিককে। কেননা পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, বাসটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে ২০১৮ সালে। একটি স্কুল বাস হওয়া সত্ত্বেও বাসটির কেন রক্ষণাবেক্ষণে ত্রুটি রয়েছে, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।

আরও পড়ুন  মুখ্যমন্ত্রীর কনভয় দেখে বিজেপি কর্মীদের “চোর,চোর ” স্লোগান

পুলিশ সূত্রে খবর, ধৃত চালকের মেডিক্যাল পরীক্ষা করানোর পর তার রক্তে অ্যালকোহল পাওয়া গিয়েছে। অর্থাৎ বাসটি মদ্যপ অবস্থায় চালাচ্ছিল চালক। এদিকে, দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হওয়া ১৪ জন ছাত্রের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, ৬ শিশুর মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই চার সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। হরিয়ানা শিক্ষা দফতর শুক্রবার বিকেলে যানবাহন নিরাপত্তা নীতি নিয়ে একটি বৈঠক ডেকেছে। রাজ্যের সমস্ত জেলা শিক্ষা আধিকারিক, প্রাথমিক শিক্ষা আদিকারিক এবং ব্লক শিক্ষা আধিকারিকরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে এই বৈঠকে অংশ নেবেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সাত সকালে হরিয়ানার মহেন্দ্রগড়ের কানিনা উনহানি গ্রামের জিএল পাবলিক স্কুলের ৩৫ থেকে ৪০ জন পড়ুয়া বাসটিতে করে স্কুলে যাচ্ছিল। এদিন ঈদ উপলক্ষে ছুটি থাকা সত্ত্বেও খোলা ছিল স্কুল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল বাসটি ধাক্কা মারে একটি গাছে। সঙ্গে সঙ্গেই বাসটি উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ শিশুর। গুরুতর আহত ১৪ জন পড়ুয়া। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই এলাকাজুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর পৌঁছয় পুলিশের কাছে। প্রথমে স্থানীয় লোকজন উদ্ধারকাজে হাত লাগায়। পরে দমকল এবং পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। তড়িঘড়ি ১৪ পড়ুয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। স্কুল বাসের চালকও আহত হয়েছেন। অন্যদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পড়ুয়াদের অভিভাবক ও স্কুলের কর্মীরা। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে একটি গাছে। সেই আশঙ্কাই সত্যি হল।

#Haryanaschoolbusaccident

#latestbengalinews

About Post Author