Home » Nitish Kumar: “পয়দা তো বহুত কর দিয়া…..” লালুপ্রসাদ যাদব ও তার পরিবারকে বেনজির আক্রমণ নীতিশের

Nitish Kumar: “পয়দা তো বহুত কর দিয়া…..” লালুপ্রসাদ যাদব ও তার পরিবারকে বেনজির আক্রমণ নীতিশের

সময় কলকাতা ডেস্ক, ২১ এপ্রিল: অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রচার চলছে জোরকদমে। শাসক-বিরোধী দুই শিবিরের উত্তাপ পরিবেশের উত্তাপের থেকে কোনও অংশে কম নয়। সেই উত্তাপের বহিঃপ্রকাশ ঘটছে নির্বাচনী সভাগুলিতে। একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করছে রাজনীতির মহারথীরা। কথার লড়াইয়ে পিছিয়ে নেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। সম্প্রতি নিজের দলের (জেডিইউ) প্রার্থীর প্রচারে বেলাগাম মন্তব্য করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ। নীতিশের আক্রমণের নিশানায় একদা তার সহযোগী লালুপ্রসাদ যাদব ও পরিবার।

বিহারের কাটিহারে নীতিশের দল জেডিইউয়ের লড়াই মূলত কংগ্রেসের সঙ্গে। এই কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থী তারিক আনওয়ার। তার বিপরীতে দাঁড়িয়েছেন জেডিইউয়ের দুলাল চন্দ্র গোস্বামী। দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে বেলাগাম মন্তব্য করেছেন ‘ভারতীয় রাজনীতির পাল্টুরাম’। তিনি বলেছেন, “অনেক বাচ্ছার জন্ম তো দিয়ে দিয়েছো। এতগুলোর জন্ম দেওয়া উচিৎ?” যদিও কারুর নাম উল্লেখ করেননি বিহারের মুখ্যমন্ত্রী। কিন্তু কারুর বুঝতে সমস্যা হয়নি এই বাক্যবাণের নিশানায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তার পরিবার।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: দুঁদে গোয়েন্দাদের মত পর্যবেক্ষণশক্তি কী আপনার, নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই নির্বাচনে রাজনীতিতে অভিষেক হতে চলেছে লালু প্রসাদের কন্যা রোহিনী আচার্যর। বিহারের সরন নামক কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন তিনি। এর আগে রাজনীতিতে প্রবেশ করেছেন লালু বড় মেয়ে মিসা ভারতী। দুই পুত্র তেজস্বী ও তেজপ্রতাপ। কয়েকদিন আগেও বিহারের মহাগঠবন্ধন সরকারের মন্ত্রীও ছিলেন দুজনে। নিজের মন্তব্যের মধ্যে দিয়ে যে লালু প্রসাদকে ফের পরিবারবাদ নিয়ে খোঁটা দিয়েছেন তার একদা বন্ধু, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় মৃত্যু সিনেমা তারকা পঙ্কজ ত্রিপাঠির ভগ্নিপতির, আশঙ্কাজনক অভিনেতার বোন

যদিও নীতিশকে পাল্টা দিতে দেরি করেনি একদা তার জোট সঙ্গী আরজেডি।  আরজেডির মুখপাত্র এজাজ আহমেদ জানিয়েছেন, “নীতিশ কুমার ঘাবড়ে গিয়ে এই সব অর্থহীন কথাবার্তা বলছেন। মহিলাদের বিরুদ্ধে যে ধরনের শব্দ ও বাক্যচয়ণ উনি করেছেন তা কোনও দিক থেকেই গ্রহণযোগ্য নয়।”

About Post Author