Home » Lok Sabha Election 2024: চতুর্থ দফার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাইতে চলেছে নির্বাচন কমিশন

Lok Sabha Election 2024: চতুর্থ দফার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাইতে চলেছে নির্বাচন কমিশন

সময় কলকাতা ডেস্ক, ২৬ এপ্রিলঃ বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের জন্য দেশের মধ্যে সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব করেছিল জাতীয় নির্বাচন কমিশন। এবার চতুর্থ দফার নির্বাচনে বঙ্গে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাইতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, চতুর্থ দফার ভোটে আট কেন্দ্রে ভোট নিতে মোট ৭৫০ কোম্পানি বাহিনী চাওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। বঙ্গে প্রথম দফার ভোটে ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। আজ,শুক্রবার দ্বিতীয় দফায় ২৭২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে মোট ১২ হাজার ৯৮৩ জন রাজ্য পুলিশও মোতায়েন রয়েছে। আর তৃতীয় দফার ভোটে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।
এদিকে, ২৬ এপ্রিল, শুক্রবার শুরু হয়েছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচন। দ্বিতীয় দফায় বাংলার তিনটি আসনে- দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট গ্রহণ চলছে। জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটে রাজ্যে মোট ২৯৯ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট ১১১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর দিনাজপুরে। তার মধ্যে ইসলামপুরে মোতায়েন করা হয়েছে ৫১ কোম্পানি বাহিনী ও রায়গঞ্জে ৬০ কোম্পানি মোতায়েন করা হয়েছে। এই দুই জায়গায় কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরে ৭৩ কোম্পানি বাহিনী ও কুইক রেসপন্স টিম থাকছে। অন্যদিকে, দার্জিলিং-এ ৫১ কোম্পানি বাহিনী এবং ৫০টি কুইক রেসপন্স টিম মোতায়েন হয়েছে। কালিম্পংয়ে ১৬ কোম্পানি বাহিনী এবং ১৫টি কুইক রেসপন্স টিম মোতায়েন থাকছে।

আরও পড়ুন   আলু দিয়ে মাংসের পাতলা ঝোলে একঘেয়েমি? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাসুন্দি মটন

অন্যদিকে, তৃতীয় দফার নির্বাচনের আগে রাজ্যে আসছে আরও ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে এই মুহূর্তে ৩০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তৃতীয় দফার নির্বাচনের আগে আরও ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলে রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪০৬ কোম্পানি। তৃতীয় দফায় জঙ্গিপুর,মুর্শিদাবাদ,মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হবে মালদায়। সেইসঙ্গে প্রায় ১১০০০ রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। জানা গিয়েছে, মালদহ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরের প্রত্যেকটি বুথ সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। ন্যূনতম চারজন কেন্দ্রীয় জওয়ান থাকবেন এক একটি বুথে।

তিন থেকে পাঁচ বুথ বিশিষ্ট কেন্দ্রে ন্যূনতম ১২ জন জওয়ান থাকবেন। এদিকে,পাঁচের বেশি বুধ যেখানে আছে, সেখানে ন্যূনতম ১৮ জন জওয়ান মোতায়েন থাকবে। জঙ্গিপুর পুলিশ জেলায় থাকবে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কৃষ্ণনগর পুলিশ জেলায় থাকবে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদহে থাকবে ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আইনশৃঙ্খলা বজায় রাখতে থাকবে ৫৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, কুইক রেসপন্স টিম, কিউআরটি-র ক্ষেত্রে এই নির্বাচনে বিশেষ জোর দেওয়া হয়েছে। জঙ্গিপুরে মোতায়েন থাকছে ৬৩টি QRT। কৃষ্ণনগরে ১২ টি QRT। মালদহে সব থেকে বেশি ১৪৩ টি QRT। মুর্শিদাবাদে ১১৩ টি QRT। প্রত্যেক QRT-তে থাকবে কমপক্ষে 8 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

#TheElectionCommission

#LokSabhaElection2024

About Post Author