Home » কালনা হাসপাতালে সন্তান প্রসবের পর রক্তক্ষরণ, গৃহবধূর মৃত্যু

কালনা হাসপাতালে সন্তান প্রসবের পর রক্তক্ষরণ, গৃহবধূর মৃত্যু

সুজয় ভট্টাচার্য,সময় কলকাতা,২৮ এপ্রিল : গাফিলতির অভিযোগ ওঠে, অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। সময়ের সাথে সাথে আশ্বাস হাওয়ায় কর্পূরের মত ভেসে যায়। থেকে যায়  পরিবার-পরিজনের বিয়োগ যন্ত্রণা  ও ক্ষোভ। কালনা হাসপাতালে এরকমই এক অভিযোগ ওঠার পরে ক্ষোভ ও শোক জড়িয়ে রয়েছে বলাগড়ের গৃহবধুর পরিবারে। প্রসবের পরে রক্তক্ষরণে মৃত্যু হয় গৃহবধূর।

পূর্ব বর্ধমান জেলার কালনা হাসপাতালের মর্মান্তিক ঘটনার পরে প্রায় একদিন কেটে গেলেও কোনও ব্যবস্থা গৃহীত হয় নি, বলে অভিযোগ । শনিবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালের সুপারের কাছে কর্তব্যরত চিকিৎসকের গাফিলতির লিখিত অভিযোগ আনা হয়েছে । সুপার আশ্বাস দিয়েছেন যথোচিত  ব্যবস্থা গ্রহণের।

জানা গিয়েছে,মৃত ওই গৃহবধুর নাম অন্তরা বিশ্বাস। তার বাড়ী বলাগড় থানার অন্তর্গত সোমরাবাজার পশ্চিমপাড়া এলাকায়। শুক্রবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে কালনা হাসপাতালে ভর্তি হন ওই গৃহবধূ। একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর দীর্ঘক্ষণ ধরে তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। বারংবার জানিয়েও চিকিৎসক কোনও উদ্যোগ নেন নি বা গৃহবধূকে  দেখতে যান নি বলে অভিযোগ ।  শনিবার ভোর রাতে কালনা হসপিটালে চিকিৎসার অভাবে মারা যান ওই গৃহবধু। এরপরে কালনা হসপিটালে উত্তেজনা ছড়ায়।  শনিবার মৃতের পরিবার-পরিজনেরা কালনা হসপিটালে সুপারের কাছে লিখিত অভিযোগ জানায়। কালনা হাসপাতালের সুপার পুরো বিষয়টি  আভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নেন। চব্বিশ ঘন্টা কাটলেও অশ্বাস রয়েছে মৌখিক স্তরে। শোকের পাশাপাশি ক্ষোভ বলাগড়ের সোমরা বাজারের গৃহবধূর বাড়ি ও এলাকায়। পরিবার পরিজনের প্রশ্ন, আদৌ কি ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে?

আরও পড়ুন মণিপুরে জঙ্গি হানায় নিহত বাঙালি কনস্টবেল সহ দুই সিআরপিএফ জওয়ান

 

About Post Author