সময় কলকাতা ডেস্ক, ৮ মে: কোভিড ভ্যাকসিন নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা (Astra Zeneca) । এই সংস্থার তৈরি সমস্ত কোভিড টিকা বিশ্ববাজার থেকে তুলে নিচ্ছে তারা। কিছুদিন আগেই ভয়ঙ্কর প্বার্শপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে নিয়েছিল টিকা প্রস্তুতকারক সংস্থাটি। তারপরে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল টিকা নিয়ে আতঙ্কের পরিবেশ। এহেন পরিস্থিতিতে অ্যাস্ট্রাজেনেকার এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

বাণিজ্যিক কারণে এই সিদ্ধান্ত বলে দাবি করা হয়েছে ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তরফে। তারা জানিয়েছে এখন কোভিড সংক্রমণ নেই, তাই এই ভ্যাকসিনের চাহিদাও নেই। এই সিদ্ধান্তের সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও মিল নেই বলেও দাবি করা হয়েছে। গত ৫ মে বাজার থেকে কোভিশিল্ড টিকা প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। ৭ মে বা মঙ্গলবার থেকে সেই প্রক্রিয়া শুরু হল। পাশাপাশি জানা গিয়েছে একই দিন অর্থাৎ মঙ্গলবার থেকে ইউরোপের বাজারে কোভিড টিকা বিক্রির যে অনুমোদন, সেটাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করে নিয়েছে যে করোনার এই টিকায় রয়েছে কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া। তারা আদালতে জানিয়েছে, ‘অ্যাস্ট্রাজেনেকা টিকার কারণে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএস-এর মতো বিরল রোগের সম্ভাবনা বাড়তে পারে। তবে এই টিকা না নিলেও এই ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞরা এই বিষয়ে গবেষণা করছে যে কী কারণে এমনটা ঘটছে।’ কোভিশিল্ড টিকা নেওয়ার ফলে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএস নামের বিরল রোগের কিছু উপসর্গ দেখা গিয়েছে। এই রোগের ফলে শরীরে রক্ত জমাট বেঁধে যায়। তা থেকে হার্ট-অ্যাটাকও হতে পারে। যদিও সেই সংখ্যাটা খুবই কম। ভারতে সেরাম ইনস্টিটিউট অ্যাস্ট্রাজেনেকার ওই ভ্যাকসিন প্রস্তুত করেছিল। ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্টে সেরাম ইনস্টস্টিটিউট ও অ্যাস্ট্রাজেনকার বিরুদ্ধে মামলা হয়েছে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?