Home » তৃতীয় স্থানে উঠে আসার লক্ষ্যে মুখোমুখি হায়দ্রাবাদ ও লখনউ

তৃতীয় স্থানে উঠে আসার লক্ষ্যে মুখোমুখি হায়দ্রাবাদ ও লখনউ

সময় কলকাতা ডেস্ক : IPL 2024  আইপিএল২০২৪ ক্রীড়াসূচিতে  মোট ৭৪ টি খেলা নির্ধারিত যার মধ্যে ৫৬ টি খেলা হয়ে গিয়েছে। যে ১০ টি দল প্রতিদ্বন্দ্বিতা  করছে তাদের প্রায় প্রত্যেকের মধ্যেই একটি বা দুটি করে খেলা হয়ে গেলেও এবারের আইপিএলে লখনউ সুপার জায়েন্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এখনও পরস্পরের বিরুদ্ধে খেলে নি। বুধবার এ মরশুমে প্রথমবারের মত তারা মুখোমুখি হচ্ছে, তারা এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত সমসংখ্যক পয়েন্ট পেয়েছে।লক্ষ্যও তাদের এক ও অভিন্ন। যদিও নেট রানরেটের বিচারে হায়দ্রাবাদ চতুর্থ স্থানে অবস্থান করছে, লখনউ রয়েছে ষষ্ঠ স্থানে। দু দলই ১১ ম্যাচ খেলেছে, দু দলই শেষ ম্যাচে হেরেছে।

প্লে-অফে যাওয়ার দৌড়ে বুধবারের ম্যাচের গুরুত্ব অপরিসীম। যে জিতবে  প্লে-অফ রাউন্ডে যাওয়ার জন্য তারা প্রবল দাবিদার হয়ে উঠবে। এবছরের পয়েন্ট টেবিল ও গ্ৰুপলিগের দলগুলির অবস্থানগত পরিস্থিতি যা সেখানে মনে করা প্লে অফে যাওয়ার জন্য ম্যাজিক ফিগার ১৬ পয়েন্ট যা ইতিমধ্যেই  কলকাতা নাইট রাইডার্স  ও রাজস্থান রয়ালস অর্জন করে বসে আছে। বাকি দুটি দল হিসেবে কারা প্লে অফ রাউন্ডে যাবে? নিশ্চিতভাবেই এই দৌড়ে রয়েছে মোট চারটি দল। হায়দ্রাবাদ ও লখনউ ছাড়া ১২ পয়েন্ট পেয়ে বসে আছে চেন্নাই ও দিল্লি। দিল্লি কিছুটা হলেও ব্যাকফুটে কারণ প্রথম ছটি দলের মধ্যে তারাই একমাত্র ১২টি ম্যাচ খেলেছে। বাকি চারটি দলের কারও ঝুলিতে ৮ এর বেশি পয়েন্ট নেই। অর্থাৎ বলা যেতেই পারে,বাকি চারটি দল বেঙ্গালুরু, পাঞ্জাব,মুম্বাই এবং গুজরাট এবারের প্রতিদ্বন্দ্বিতায় বাকি ম্যাচগুলি  খেলবে স্রেফ সম্মান রক্ষার্থে।তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা নেই। হায়দ্রাবাদ ও লখনউয়ের মধ্যে খেলায় লখনউ হারলে তাদের পরিস্থিতি আরও জটিল করে তুলবে। প্লে অফে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসবে কারণ তাদের নেট রান রেট প্লে অফ রাউন্ডে যাওয়ার দৌড়ে থাকা দলগুলির মধ্যে সবচেয়ে খারাপ। হায়দ্রাবাদের নেট রানরেট তুলনামূলক ভালো। হায়দ্রাবাদের আরেকটি সুবিধা যে তারা হোম গ্রাউন্ডে দর্শক সমর্থনের মধ্যে বুধবার খেলতে নামবে।

দু দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য সম্পূর্ণভাবে লখনউয়ের পক্ষে। লখনউ এবং হায়দ্রাবাদ এখনও পর্যন্ত আইপিএলে ৩ টি ম্যাচ পরস্পরের বিরুদ্ধে খেলেছে। সবগুলি ম্যাচেই জয়লাভ করেছে লখনউ।২০২৩ সালে শেষবার যখন তারা মুখোমুখি হয়েছিল তখন লখনউ জিতেছিল। সে ম্যাচের নায়ক প্রেরক মানকড় এখনও এ মরশুমে লখনউয়ের হয়ে একটিও ম্যাচ খেলেন নি। তবে দল বিশেষ পাল্টায় নি। রয়ে গিয়েছেন পুরান,স্টোইনিস, ক্রুনাল, অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার ও ক্লাসেন। তবে এবছর  হায়দ্রাবাদ দলে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি  দুই অজি প্লেয়ার ট্রাভিস হেড এবং প্যাট কামিন্স। কাগজে কলমে হায়দ্রাবাদ অবশ্যই তুলনামূলক শক্তিশালী এবং সমীহ করার মত। ২০২৪ আইপিএল মরশুমে তারা তিনবার আড়াইশোর ওপরে রান করেছে। তাদের ওপেনিং জুড়ি হেড-ষেক অত্যন্ত বিস্ফোরক। অন্যদিকে, লখনউয়ের মূল ভরসা স্টোইনিস ও পুরান। কাগজে-কলমে হায়দ্রাবাদ এগিয়ে থাকলেও তারাই বাজিমাত করে নাকি লখনউ এই ম্যাচ জিতে সাপলুডোর পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে আসে এটাই এখন দেখার।।

About Post Author