সময় কলকাতা ডেস্ক, ১৫ মেঃ গ্রেফতারি অবৈধ, ইংরেজি নিউজ পোর্টাল নিউজক্লিকের এডিটর প্রবীর পুরকায়স্থকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার কারণে গত বছর দিল্লি পুলিশ নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে। বুধবার শীর্ষ আদালতের তরফে প্রবীর পুরকায়স্থের জামিন মঞ্জুর হলেও অমিত চক্রবর্তীর মুক্তির বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রবীরবাবুর আইনজীবীকে এবার সুপ্রিম কোর্টের আদেশের কপি নিয়ে নিম্ন আদালতে পেশ করে সেখান থেকে জামিন নিতে হবে।
তবে আদালত তদন্তের উপর কোনও স্থগিতাদেশ জারি করেনি। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের তরফে জানানো হয়, প্রবীর পুরকায়স্থের রিমান্ড কপি জমা দেওয়া হয়নি। ফলে এই গ্রেফতারি বৈধ নয়। বন্ডের ভিত্তিতে নিউজক্লিকের এডিটরকে অবিলম্বে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে ট্রায়াল কোর্ট জামিনের শর্ত ধার্য করবে। এদিকে, আয়কর দফতর নিউজক্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়ায় বহু মাস ধরে ওই সংস্থার কর্মীরা বেতন পাচ্ছেন না বলেই অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, দিল্লি পুলিশ নিউজক্লিকের বিরুদ্ধে দেশদ্রোহিতার ধারায় মামলা করেছিল। দিল্লি পুলিশের স্পেশাল সেল তার চার্জশিটে উল্লেখ করেছিল যে, নিউজক্লিক কর্তৃপক্ষ টাকার বিনিময়ে চিনের হয়ে ভারতের স্বার্থবিরোধী লেখা তাঁদের পোর্টালে পাবলিশ করত। প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ, বেআইনি কার্যকলাপ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহের প্রমাণও রয়েছে। এমনকী ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করারও অভিযোগ রয়েছে নিউজক্লিকের এডিটরের বিরুদ্ধে।
#PrabirPurkayastha
#NewsclickEditor
#SupremeCourt
#নিউজক্লিকেরএডিটরপ্রবীরপুরকায়স্থ


More Stories
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার
শিক্ষা দুর্নীতিকে গুরুতর পাপ বলার পরেও বিরোধীদের কাঠগড়ায় প্রধানমন্ত্রী