সময় কলকাতা ডেস্ক, ১৯ মেঃ ভোটের আবহে ফের সংবাদের শিরোনামে সন্দেশখালি। সন্দেশখালির বেড়মুজুর এলাকায় অষ্টম শ্রেণির এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে এবার তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ। পক্সো আইনে তার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।
আরও পড়ুন Skin Care: রোদে পোড়া স্কিনের কালো দাগছোপ দূর করবে কলার ফেসপ্যাক
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়ির পিছনের বেড়া ভেঙে ঢুকে নাবালিকাকে যৌন নিগ্রহের চেষ্টা করে ইন্দ্রজিৎ সাউ নামের স্থানীয় এক যুবক। ওই দুষ্কৃতীর হাত থেকে নিজের প্রাণ বাঁচাতে চিৎকার করে ওঠে নাবালিকা। তার চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের লোকজন। তখনই পরিস্থিতি বেগতিক বুঝে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। নাবালিকার পরিবারের দাবি, অভিযুক্ত ইন্দ্রজিৎ সাউ তৃণমূল সমর্থক। তাঁর বাবাও এলাকার তৃণমূল নেতা। এদিন বিকেলেই বসিরহাট মহকুমা হাসপাতালে ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়। এরপরই লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। এদিকে, এই বিষয়টি নিয়ে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে অভিযোগ জানিয়েছিল নির্যাতিতার পরিবার। শনিবার রাতেই সেই ফাইল ইমেল মারফত বসিরহাটের পুলিশ সুপারকে পাঠিয়েছিলেন তারা। এরপরই রবিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও অভিযুক্তের বাবার দাবি, তাঁর ছেলে নির্দোষ। সেই রাতে সেখানে যায়নি। তাঁকে ফাঁসানো হচ্ছে।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির মানুষের নানান বিষয়ে অভিযোগ নেওয়ার জন্য ইতিমধ্যেই সেখানে অস্থায়ী ক্যাম্প গঠন করল সিবিআই। শুক্রবার সকাল থেকেই ক্যাম্প তৈরি করা হয়েছে সন্দেশখালিতে। সিবিআই ক্যাম্পে নিরাপত্তা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক ২ প্ল্যাটুন সিআরপিএফ মোতায়েন করেছে। এতদিন জমি দখল সংক্রান্ত অভিযোগ করতে গ্রামের মানুষকে কলকাতায় নিজাম প্যালেসে যেতে হত, কিংবা ই-মেইল করতে হত। যেটা সন্দেশখালির মানুষের পক্ষে সম্ভব ছিল না। কার্যত সেকারণেই সন্দেশখালিতে ক্যাম্প গঠন করে সমস্যার সমাধান করল সিবিআই। গত কয়েক সপ্তাহে সন্দেশখালির আন্দোলন ভয়াবহ আকার নিয়েছে। শুরু হয়েছে নির্যাতনের অভিযোগ তুলে নেওয়ার জন্য ‘চাপ’। নির্যাতিতাদের এক পক্ষের তরফে এখন থানায় গিয়ে অভিযোগ প্রত্যাহার করছেন। তাঁদের বক্তব্য, জোর করে তাঁদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল। আবার অন্যদিকে, আরেক পক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে, নির্যাতনের অভিযোগ থানা থেকে প্রত্যাহার করার জন্য তাঁদের মোটা টাকার প্রলোভন দেখানো হচ্ছে। আর তা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক দড়ি টানাটানি। এসবের মাঝেই এবার সন্দেশখালিতে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?