Home » Local Trains Cancelled: অতিরিক্ত ভিড়ের চাপে ট্রেন থেকে ছিটকে পড়ে শিয়ালদহ মেন শাখায় মৃত্যু যুবকের

Local Trains Cancelled: অতিরিক্ত ভিড়ের চাপে ট্রেন থেকে ছিটকে পড়ে শিয়ালদহ মেন শাখায় মৃত্যু যুবকের

সময় কলকাতা ডেস্ক, ৬ জুনঃ রেলের কাজের জেরে বন্ধ শিয়ালদহ স্টেশনের ১-৫ নম্বর প্ল্যাটফর্ম। মূলত ১২ বগির ট্রেন চালানোর জন্য কাজ চলছে শিয়ালদহের ১-৫ নম্বর প্ল্যাটফর্মে। সেই সংক্রান্ত কাজের জন্যই শুক্রবার থেকে বাতিল একাধিক লোকাল ট্রেনও। রবিবার দুপুর পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলেই জানিয়েছে পূর্ব রেল। ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তির অভিযোগ তুলছেন অফিস যাত্রীদের একাংশ। ট্রেনের গণ্ডগোলের জেরে শুক্রবার সকাল থেকেই ভিড়ে ঠাসা শিয়ালদহ মেন শাখার প্রতিটি লোকাল ট্রেন। আর এই ট্রেনে উঠতে গিয়ে অতিরিক্ত ভিড়ের চাপে ট্রেন থেকে ছিটকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হল। মৃত মহম্মদ আলি হাসান আনসারি বাড়ি টিটাগড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনা প্রকাশ্যে আসতেই রেল কর্তৃপক্ষের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন নিত্যযাত্রীরা। অভিযোগ, শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। তবে কোন ট্রেনগুলি বাতিল করা হচ্ছে বা কোন ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ব্যাপারে রেলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন   Narendra Modi Oath Ceremonyঃ জল্পনার অবসান! ঘোষিত হল তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথের দিনক্ষণ

স্থানীয় সূত্রে জানা গেছে, টিটাগড় থেকেই ওই যুবক ট্রেনে উঠেছিল। কিন্তু প্রচণ্ড ভিড় থাকায় সে ভিতরে ঢুকতেই পারেনি। এরপরই টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে এক জায়গায় সে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে যায়। এরপর লাইনের আশেপাশে থাকা কয়েকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও ওই যুবককে ঠিক মতো চিকিৎসা না করার অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধেও। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ।

উল্লেখ্য, রেলের কাজের জেরে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ শিয়ালদহ স্টেশনের ১-৫ নম্বর প্ল্যাটফর্ম। মূলত ১২ বগির ট্রেন চালানোর জন্য কাজ চলছে শিয়ালদহের ১-৫ নম্বর প্ল্যাটফর্মে। সেই সংক্রান্ত কাজের জন্যই শিয়ালদহ স্টেশনের ১-৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে। রবিবার দুপুর পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলেই জানিয়েছে পূর্ব রেল। ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তির অভিযোগ তুলছেন অফিস যাত্রীদের একাংশ। যাত্রীদের অভিযোগ, যথেষ্ট দেরিতে চলছে ট্রেন। এমনকী গ্যালোপিং ট্রেনগুলিও বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এই পরিস্থিতিতে বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন যাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করায় দমদম বা ক্যান্টনমেন্ট অবধি গিয়ে আবারও সেগুলিকে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। ফলে অতিরিক্ত সময় লাগছে। এই পরিস্থিতিতে ট্রেনের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে গরমে নাজেহাল অবস্থা যাত্রীদের। স্টেশনে স্টেশনে জমছে যাত্রীদের ভিড়। ইতিমধ্যেই রেল জানিয়েছে, শিয়ালদহ থেকে আপ-ডাউন মিলিয়ে প্রতিদিন মোট ৮৯৪টি ট্রেন চলাচল করে। কিন্তু, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৮০৬টি ট্রেন চলবে। এদিকে, এই ৮০৬টি ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদহের পরিবর্তে দমদম জংশন বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসা-যাওয়া করছে ওই লোকালগুলি। জানা গিয়েছে, লোকাল ছাড়াও চার জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

#ট্রেনথেকেছিটকেপড়েমৃত্যুযুবকের

#Latestbengalinews

#LocalTrainsCancelled

About Post Author