সময় কলকাতা ডেস্ক: ১৬ জুনঃ শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা! নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানি ও চাটারহাট স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। ক্রমশ বাড়ছে হতাহতের সংখ্যা। একাধিক হেল্পলাইন চালু করেছে রেল। মালগাড়ি ও কাঞ্চনজঙ্ঘার সংঘর্ষে একাধিক কামরা লাইনচ্যুত হওয়ার পরে রেল সূত্রেই হতাহতের খবর নিশ্চিতভাবে জানানো হয়েছে। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্রমশ বাড়ছে আহতদের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক-সহ অন্যান্য কর্মীদের বাতিল ছুটি।
আরও পড়ুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা :মৃতের সংখ্যা বেড়ে ৬, মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ
দুর্ঘটনার পরই উচ্চপর্যায়ের বৈঠকে করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সিগন্যালিং ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেন দুর্ঘটনায় এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ইতিমধ্যেই রেল দুর্ঘটনায় নিহতদের জন্য শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এক্স হ্যান্ডেলে জানান, ‘পশ্চিমবঙ্গের দার্জিলিং-এ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির খবর গভীরভাবে বেদনাদায়ক। শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার অন্তরের সমবেদনা জানাই। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং উদ্ধারকার্য দ্রুত সম্পন্ন হবে সেই আশা রাখছি।’

রেল সূত্রে জানানো হয়েছে, শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ধীর ছিল। পিছন থেকে এসে ধাক্কা মেরেছে মালগাড়িটি। প্রাথমিক তদন্তে অনুমান সিগন্যালিংয়ের সমস্যার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়। জানা গিয়েছে, যে কামরাটি দুমড়ে গিয়েছে, সেটি অসংরক্ষিত কামরা ছিল। তাই স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের ভিড় ছিল তাতে। সেখান থেকে এখনও পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে রয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকারী দলের সদস্যরাই বগি কেটে ভিতরে কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখছে। গ্যাসকাটার থাকলেও আপাতত তা ব্যবহার করা হচ্ছে না। দড়ি বেঁধে দুর্ঘটনাগ্রস্ত কামরা সরানোর বন্দোবস্ত করা হচ্ছে।
#SealdahKanchanjungaExpressAccident
#Latestbengalinews
#কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি