Home » By-Election 2024: উপনির্বাচনের শুরুতেই দফায় দফায় অশান্তি বাগদায়, বুথ জ্যামের অভিযোগ TMC-র বিরুদ্ধে

By-Election 2024: উপনির্বাচনের শুরুতেই দফায় দফায় অশান্তি বাগদায়, বুথ জ্যামের অভিযোগ TMC-র বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক, ১০ জুলাইঃ বুধবার সাত রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। এই ১৩টি কেন্দ্রের মধ্যে বুধবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্র -মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে চলছে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট-দক্ষিণ ও মানিকতলায় তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস-বাম জোটের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। বাগদা বিধানসভায় বাম-কংগ্রেস জোটে জট তৈরি হয়েছে। ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ওই কেন্দ্রে আলাদাভাবে প্রার্থী দেওয়ায় চর্তুমুখী লড়াই হচ্ছে। সবকটি বুথই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে। উপনির্বাচনের শুরুতেই বাগদা, রায়গঞ্জ থেকে দফায় দফায় অশান্তির খবর এসেছে। এদিন সকাল ৭ টায় ভোট গ্রহণ শুরু হয়েছে উত্তর ২৪ পরগণা বাগদা বিধানসভার। 

আরও পড়ুন    রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন, কোথায় কার পাল্লা ভারী?

ভোটদানের শুরুতেই বুথ জ্যামের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। তার দাবি, কনিয়ারা ১ নাম্বার গ্রাম পঞ্চায়েতের ১৯৩ নম্বর বুথে বুথ জ্যাম করে রাখা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের কাছে খবর আছে বাইরের থেকে লোক ঢোকানো হয়েছে। তারা সর্বশক্তি দিয়ে লড়াই করবেন। সকাল থেকে বেশ কয়েকটি বুথে ঘোরেন বিনয়। বুথ জ্যামের অভিযোগ পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে খবর দেন। তবে নেটওয়ার্কের সমস্যার কারণে বাহিনীর আসতে খানিকটা সময় লেগেছে বলে জানান তিনি। তাঁর মতে, “কোনওভাবেই আমাদের দমিয়ে রাখা যাবে না। সর্বশক্তি দিয়ে লড়াই করব।”

এদিকে, রাণাঘাটের পায়রাডাঙায় ভোটের আগের দিন রাতে ৩০ থেকে ৪০ জনের এক দল দুষ্কৃতীর হামলা চালানোর অভিযোগ উঠেছে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙ্গার গ্রাম পঞ্চায়েতে বিজেপি সদস্য গৌতম বিশ্বাসের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকী বেধড়ক মারধর করা হয়েছে তাঁকে। গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি রয়েছেন গৌতম। বিজেপি কর্মী-এজেন্টকেও মারধরের অভিযোগ উঠেছে। রানাঘাট কাণ্ডে জরুরি ভিত্তিতে এটিআর তলব করেছে কমিশন। দু’ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

#Latestbengalinews

#বিজেপিপ্রার্থীবিনয়কুমারবিশ্বাস

#By-Election2024

#By-ElectioninIndia

About Post Author