Home » Copa America 2024 : কানাডাকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থানে শেষ করল উরুগুয়ে

Copa America 2024 : কানাডাকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থানে শেষ করল উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ জুলাইঃ আর্জেন্টিনা নাকি কলম্বিয়া? কোপা আমেরিকার ৪৮ তম সংস্করণে কে বিজয়ী হবে তা জানা যাবে ভারতীয় সময় সোমবার ভোরে। রবিবার ভোরে ঠিক কানাডাকে হারিয়ে প্রতিযোগিতায় তৃতীয় স্থানে শেষ করল উরুগুয়ে । যদিও নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। ম্যাচ টাইব্রেকারে গড়ালে ৪-৩ ব্যবধানে জিতে নেন লুই সুয়ারেজরা।

একটি দল কোপা আমেরিকার ইতিহাসে অন্যতম সফল দল। মোট পনেরো বার এই প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট উঠেছে উরুগুয়ের মাথায়। ২০১১ সালে শেষবার এই খেতাব জিতেছিলেন দিয়েগো লুগানোরা। এবার প্রতিযোগিতার সেরা হওয়ার রসদ থাকলেও সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সুয়ারেজদের। অন্যদিকে সবাইকে চমক দিয়ে প্রথমবারের জন্য চলতি প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছিল কানাডা। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে তাদের লড়াই শেষ হয়। রবিবার সকালে প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল।

আরও পড়ুনঃ পাওলিনির স্বপ্নের দৌড় শেষ, জিতলেন ক্রেচিকোভা

আরও পড়ুনঃ  যশস্বীর দাপট, সিরিজ ভারতের

আরও পড়ুনঃ জিতল লাল হলুদ, হারল সবুজ মেরুন

খাতায় কলমে এগিয়ে থাকা উরুগুয়েই প্রথম থেকে দাপট দেখায়। মাত্র ৮ মিনিটের মাথায় গোলও পেয়ে যায় উরুগুয়ে। গোল করে দলকে রড্রিগো বেন্টাঙ্কুর। গোল খেয়ে দমে যায়নি কানাডা। পাল্টা চাপ তৈরি করতে থাকে উরুগুয়ের রক্ষণভাগের উপর। ফলও মেলে। ২২ মিনিটে খেলায় সমতা ফেরায় কানাডা। গোল করেন ইসমাইল কোনে।  দ্বিতীয়ার্ধে ফের ব্যবধান বাড়াতে মরিয়ে হয়ে ওঠে উরুগুয়ে। মাঝমাঠে বলের দখল থেকে বিপক্ষের গোল লক্ষ্য করে শট সব কিছুতেই বিপক্ষকে টেক্কা দিচ্ছিল উরুগুয়ের ফুটবলারেরা। কিন্তু গোলের মুখ খুলতে পারছিলেন না। বরং ৮০ মিনিটে গোল হজম করে বসে উরুগুয়ে। জোনাথান ডেভিড গোল করে কানাডাকে এগিয়ে দেন। ১-২ গোলে পিছিয়ে পড়ে উরুগুয়ে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ জিতে নেবে কানাডা। তখনই সব হিসাব উল্টে দেন লুই সুয়ারেজ। ম্যাচের সংযুক্তি সময়ে তাঁর গোলেই সমতা ফেরায় উরুগুয়ে। নির্ধারিত সময়ে খেলার ফল ২-২ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে তৃতীয় ও পঞ্চম শটে গোল করতে ব্যর্থ হয় কানাডা। ম্যাচে গোল পেলেও ইসমাইল কোনে গোল করতে পারেননি। গোল করতে পারেননি দলের তারকা আলফান্সো ডেভিসও। অন্যদিকে প্রথম চার শটে গোল করে ম্যাচ জিতে নেয় উরুগুয়ে।

About Post Author