Home » Jusprit Bumrah : অবিকল বুমরা! চা বাগানের জয়ের মধ্যে ভারতের তারকা ক্রিকেটারের ছাঁয়া দেখছেন জামালদহবাসী

Jusprit Bumrah : অবিকল বুমরা! চা বাগানের জয়ের মধ্যে ভারতের তারকা ক্রিকেটারের ছাঁয়া দেখছেন জামালদহবাসী

সানী রায় ও অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়, সময় কলকাতা, ১৬ জুলাইঃ ভারতীয় পেস বোলিংকে এক অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছেন যশপ্রীত বুমরা। এই মুহূর্তে দেশ তো বটেই বিশ্বের অন্যতম সেরা পেস বোলারদের মধ্যেও প্রথম সারিতে তিনি থাকবেন। অনেকে আবার তাঁকে ভারতের সর্বকালের সেরা পেস বোলার বলেও মনে করেন। নতুন প্রজন্মের মধ্যে তাঁর জনপ্রিয়তা কোহলি-রোহিতদের থেকে কোনও অংশে কম নয়। বিশেষ করে ক্রিকেটের ছাত্রদের কাছে। অনেকেই হাতে বল পেলে তাঁর মত স্টাইলে বল করার চেষ্টা করেন। ঠিক যেমনটা করছেন জামালদহের জয় কীর্তনীয়া ।

অবিকল বুমরার ভঙ্গিতে বল করতে পারেন জয় । কোচবিহারের  জামালদহের শিকারপুর এলাকার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সে। বাবা কৃষ্ণ কীর্তনীয়া পেশায় কৃষক। জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রের ধ্যান জ্ঞান কেবলমাত্র ক্রিকেট। একটি ভিডিও সম্প্রতি সামাজীক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে অনুশীলনের সময়ে অবিকল বুমরার ভঙ্গিতে বল করে চলেছেন ১৪ বছরের কিশোর। শুধু বুমরার ভঙ্গিতে বল করাই নয়, লাইন ও লেংথেও নিখুঁত থাকছে সে। প্রায় বিনা প্রশিক্ষণে নিজের ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন পূরণ করে চলেছে চা বাগানের এই খুঁদে প্রতিভা। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে ভালো কোনও প্রশিক্ষকের হাতে পড়লে  একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার হয়ে উঠতে পারবে জয় কীর্তনীয়া ।

আরও পড়ুনঃ Thomas Muller : আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন জার্মানির বিশ্বজয়ী ফুটবলার

আরও পড়ুনঃ Wimbledon 2024 : টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন স্পেনের আলকারাজ, স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন জোকারকে

আরও পড়ুনঃ Copa America 2024 : কোপা আমেরিকা জিতে ফুটবল জীবনের বৃত্ত সম্পূর্ণ করলেন মেসি ও দি মারিয়া

প্রত্যন্ত গ্রামের এই কিশোরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন  সংবাদমাধ্যমের কর্মী ও জামালদহের বাসিন্দা প্রতাপ কুমার ঝা। এই খুদে ক্রিকেটারের প্রতিভাকে ক্যামেরাবন্দি করে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে পৌঁছে দিচ্ছেন। এমনকি জেলা স্তরের ক্রীড়া সংস্থার দফতরেও যোগাযোগ করেন। কোচবিহারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ভবনে জয়কে নিয়ে হাজির হন প্রতাপ কুমার ঝা। নিজের প্রতিভা দিয়ে ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের মন কাড়েন জয়। এই কিশোরকে তাঁর লক্ষ্যে পৌঁছে দিতে সব রকম সাহায্যের আশ্বাস দেন তাঁরা। প্রয়োজনে কলকাতার নামী ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রে রেখে জয়ের প্রশিক্ষণ করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা। পাশাপাশি, কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খুঁদে এই ক্রিকেটারের হাতে উপহার স্বরূপ দুটি ডিউজ বল প্র্যাকটিস করার জন্য তুলে দেওয়া হয়।

About Post Author