সময় কলকাতা ডেস্ক, ১৯ জুলাইঃ NEET UG- এর প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। প্রথমে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট, তারপর ইউজিসি নেট, একের পর এক পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে শিক্ষা মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে এনটিএ-র ভূমিকা নিয়েও। এবার প্রশ্নফাঁস, বেনিয়ম সংক্রান্ত যাবতীয় অভিযোগের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ডাক্তারির স্নাতক স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফল। প্রশ্নফাঁস মেনে শনিবারই নিটের ফলপ্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে, ফলপ্রকাশ করলেও পরীক্ষার্থীদের পরিচয় গোপন রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। জানা গিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশমত শনিবার দুপুরের মধ্যেই নিটের চূড়ান্ত ফলপ্রকাশ করবে এনটিএ (NTA)। তবে কাউন্সেলিংয়ের দিন ঘোষণার জন্য শীর্ষ আদালতের অনুমতি নিতে হবে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে,‘পাটনা এবং হাজারিবাগ কেন্দ্রের মধ্যেই মূলত নিটের প্রশ্নফাঁস হয়েছে। যারা টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করছে তারা খুব বড় পরিসরে কাজ করে না। যেহেতু বৃহত্তর পরিসরে প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি তাই পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই। প্রশ্নফাঁস মেনেই শনিবার নিটের ফলপ্রকাশ করতে হবে।
আরও পড়ুন Greg Stewart : ডার্বি জেতার টানেই এসেছি, মোহনবাগানে যোগ দিয়ে জানালেন স্টুয়ার্ট
ইতিমধ্যেই NEET UG- এর হলফনামা পেশ করেছে সিবিআই। হলফনামায় বিরোধীরা যে ব্যাপক অনিয়মের অভিযোগ করছিল, সেটা খানিকটা লঘু করে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সোশ্যাল মিডিয়ায় ওই প্রশ্নপত্র ছড়িয়ে পড়েনি। স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে, তবে সেটা স্থানীয় স্তরে। এদিকে, নিট ইউজি -এর প্রশ্নফাঁস মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক রাজ্য থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের পাশাপাশি বাংলাতেও চলেছে তল্লাশি। শিক্ষামন্ত্রক বেশ কিছু রিভিউয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে, এর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হবে।
নিট ইউজি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বিস্তর অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের একটি অভিযোগও রয়েছে। ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রিরও অভিযোগ ওঠে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। পরীক্ষা বাতিলের আর্জি, কাউন্সেলিং বন্ধ রাখার আর্জির পাশাপাশি সিবিআই তদন্ত চেয়েও আবেদন জমা পড়ে দেশের শীর্ষ আদালতে। এনটিএ-কে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। নেট ইউজিসি নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কারচুপির তদন্ত হলেও ২০২৪-এর মে মাসে হওয়া নিট-ইউজি বাতিল বলে গণ্য হচ্ছে না বলেই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। পরীক্ষা পদ্ধতিতে কোথায় কোন খামতি রয়েছে, তা ঠিক করতে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা হয়েছে সাত সদস্যের একটি কমিটি। কমিটির নেতৃত্বে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণন। এছাড়াও দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭