সময় কলকাতা ডেস্ক, ২৪ আগস্টঃ অনুমতি আগেই মিলেছিল। অবশেষে রবিবার প্রেসিডেন্সি জেলে শুরু হল ধৃত সিভিক ভলান্টিয়র সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। সিভিক ভলান্টিয়র ছাড়াও আজ বাকি দুই চিকিৎসক এর পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে। জানা গিয়েছে, ২ টি ডিভাইস রয়েছে এসসিবি-র হাতে। পলিগ্রাফ টেস্টের তত্ত্বাবধানে রয়েছে সিবিআই-এর স্পেশাল টিম। এছাড়াও সিএফএসএল (CFSL)-এর তত্ত্বাবধানে হচ্ছে পলিগ্রাফ। শনিবারই দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল কলকাতায় এসেছে। এদিন কলকাতার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে সন্দীপ ঘোষ এবং বাকিদের পলিগ্রাফ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা, জারি তল্লাশি
এবার জেল হেফাজতেই শুরু হল মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষা। গতকালই প্রেসিডেন্সি জেলে ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করাতে যান সিবিআই আধিকারিকরা। তবে টেকনিক্যাল কারণে তা করা সম্ভব হয়নি। জেলে কতটা এই টেস্ট সম্ভব তা খতিয়ে দেখে আসে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। এরপর আজ শুরু হয় অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট।

প্রসঙ্গত, এই টেস্টের মাধ্যমে বোঝা যায়, যে কেউ মিথ্যা বলছে কিনা। ময়নাতদন্ত রিপোর্ট দেখে অনেকেরই অনুমান, যে অত্যাচারের কথা বলা হয়েছে এবং যেভাবে ধর্ষণ করা হয়েছে, তাতে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। যদিও প্রথম থেকেই নির্যাতিতার বাবা-মা দাবি করে এসেছেন, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও নির্যাতিতার সহকর্মী-সহ অনেকেই জড়িত। কলকাতা পুলিশও প্রথম থেকেই সে কথা মাথায় রেখেছে। এবার সঞ্জয় রায় এবং তিলোত্তমার সহকর্মীদের এই টেস্ট করলে জানা যেতে পারে, ওই দিন ঘটনার সময়ে তারা ঠিক কী কী করেছিল, তাঁদের সঙ্গে আর কেউ ছিল কিনা এবং আরও নানান তথ্য। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কারও পলিগ্রাফ টেস্ট বা পরীক্ষার মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাসের গতি, নাড়ির স্পন্দন তথা গতি, রক্ত চাপ, শরীর থেকে কতটা ঘাম বেরোচ্ছে ইত্যাদি দেখা হয়। কেউ মিথ্যা কথা বললে তার হৃৎস্পন্দন এবং রক্তচাপের পরিবর্তন ঘটে। তার মাধ্যমেই একটা ইঙ্গিত পাওয়া যায়। সবসময় যে ১০০ শতাংশ সঠিক ফল মেলে তা নয়, তবুও একটা ধারণা করতে পারেন তদন্তকারীরা।
#Polygraphtestofcivicvolunteers
#RGkarHospital
#RGKARDoctorDeath
#Latestbengalinews
#CivicVolunteerSanjayRoy


More Stories
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
বারাসাত পুরসভায় পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্ত চান বিধায়ক শঙ্কর চ্যাটার্জী, শুরু চাপানউতোর