Home » আরজিকর কাণ্ডের ন্যায্য বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, মিছিলে হাঁটছেন কামদুনি-কাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা-মৌসুমীরাও

আরজিকর কাণ্ডের ন্যায্য বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, মিছিলে হাঁটছেন কামদুনি-কাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা-মৌসুমীরাও

সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। উত্তপ্ত রাজ্যের চিকিৎসক মহল। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। ক্রমশ বড় হচ্ছে প্রতিবাদের বহর। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে ২৩ দিন। আরজিকর কাণ্ডের তদন্তে পুলিশি ব্যর্থতার অভিযোগও এর আগে তুলেছিলেন আন্দোলনকারীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। এরপরেও প্রতিবাদের জন্য রোজই পথে নামছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও। সোমবার আরজিকর কাণ্ডের ন্যায্য বিচারের দাবিতে ‘লালবাজার অভিযান’-এর ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি। এদিন দুপুর ২টোয় কলেজ স্কোয়্যার থেকে মিছিল করে লালবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই মহাত্মা গান্ধী রোডে পৌঁছে গিয়েছে চিকিৎসকদের মিছিল। জুনিয়র চিকিৎসকদের মিছিলে হাঁটছেন কামদুনি-কাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, মৌসুমী কয়ালও। তাঁরা কলেজ স্কোয়্যারে পৌঁছে গিয়েছেন। জানা গিয়েছে, পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিয়ে তাঁরই পদত্যাগের দাবি জানাবেন তাঁরা!

আরও পড়ুন  প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ধরাশায়ী করল লিভারপুল

এদিকে, আরজিকর কাণ্ডে দোষীদের বিচার চেয়ে একটানা ২১ দিন কর্মবিরতির পর শনিবার থেকে শুধুমাত্র চার ঘন্টার জন্য চালু হয়েছে টেলিমেডিসিন পরিষেবা। জুনিয়র ডাক্তারদের তরফে বেশ কিছু মোবাইল নম্বর দেওয়া হয়েছে। রোগীদের যোগাযোগ করতে হবে ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭ ও ৬২৯০৩২৬০৭৯ হোয়াটসঅ্যাপ নম্বরে। এই নম্বরগুলিতে যোগাযোগ করে ডাক্তারদের থেকে টেলি মেডিসিন পরিষেবা পাওয়া যাবে। তবে, এখনই পুরোপুরি কর্মবিরতি প্রত্যাহার করার পথে হাঁটছেন না জুনিয়র ডাক্তাররা। জানা গিয়েছে, সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত পরিষেবা পাবেন রোগীরা।


প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতির জেরে বিপাকে পড়েছিল সাধারণ মানুষ। তবে রোগীদের স্বার্থেই কর্মবিরতি কিছুটা শিথিল করছেন আরজিকরের জুনিয়ার ডাক্তাররা। গতকাল অর্থাৎ শুক্রবার রাতেই এই ঘোষণা করেছিল ‘পশ্চিমবঙ্গ জুনিয়ার ডক্টরস ফ্রন্ট’। ‘তিলোত্তমা টেলিমেডিসিন’ নামক কর্মসূচির মাধ্যমেই সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত চার ঘন্টার পরিষেবা চালু করার সিদ্ধান্তে শান্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। উচ্চ মধ্যবৃত্তের একটা শ্রেণীকে এই সমস্যা তেমনভাবে ক্ষতিগ্রস্থ না করলেও মধ্যবৃত্ত ও নিম্ন মধ্যবৃত্তকে নাজেহাল করে রেখেছিল ডাক্তারদের এই কর্মবিরতি। যদিও টেলিমেডিসিন পরিষেবা চালু হলেও কর্মবিরতি এখনই সম্পূর্ণ তুলছেন না বলেই জানিয়েছে ‘পশ্চিমবঙ্গ জুনিয়ার ডক্টরস ফ্রন্ট’। আগামী ৪ সেপ্টেম্বর বিচার পেতে নতুন একটি কর্মসূচির আয়োজন করেছে জুনিয়র ডাক্তাররা। এই কর্মসূচির নাম দিয়েছে, ‘বিচার পেতে আলোর পথে’। তাঁদের মূলত দুটি দাবি। এক, নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ। দুই,প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। এদিকে, আরজিকর কাণ্ডে আদালতের পরবর্তী শুনানি ৫ সেপ্টেম্বর। আন্দোলন মঞ্চ থেকেই ওই দিন কি বলে শীর্ষ আদালত চোখ রাখবেন জুনিয়ার ডাক্তাররা।

About Post Author