Home » রাত পেরিয়ে মঙ্গলবার সকালেও লালবাজারের সামনে প্রতিবাদে অনড় জুনিয়র ডাক্তাররা

রাত পেরিয়ে মঙ্গলবার সকালেও লালবাজারের সামনে প্রতিবাদে অনড় জুনিয়র ডাক্তাররা

সময় কলকাতা ডেস্ক, ৩ সেপ্টেম্বরঃ আরজিকর কাণ্ডের প্রতিবাদে লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের। আরজিকরের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা ও সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলেছেন তাঁরা। সোমবার নির্ঘুম রাত কাটানোর পর মঙ্গলবার সকালেও লালবাজারের সামনে ফিয়ার্স লেনে প্রতিবাদে অনড় জুনিয়র ডাক্তাররা। সময় যত বাড়ছে, ততই যেন আন্দোলনের ঝাঁজ বাড়ছে। তাঁদের একটাই দাবি, কলকাতা পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, নচেৎ তাঁদের সঙ্গে দেখা করতে হবে। জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, সাক্ষাৎ নিয়ে সিপি-র তরফে এখনও কোনও আশ্বাস মেলেনি। ফলে তাঁদের অবস্থান বিক্ষোভ এখন চলবে। সোমবারই তাঁরা জানিয়ে দিয়েছিলেন, ৩৬ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা অবধিও টানা ডিউটি করেন তাঁরা। ফলে এই অবস্থান চলবে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল, প্রায় ১৭ ঘণ্টা অতিক্রান্ত। লালবাজারের সামনে এখনও বসে জুনিয়র ডাক্তাররা। ক্রমশ বড় হচ্ছে প্রতিবাদের বহর।

আরও পড়ুন  আরজিকর হাসপাতাল : দুর্নীতি কাণ্ডে ধৃতদের সঙ্গে খুন ও ধর্ষণ কাণ্ডের কি যোগসাজস আছে?

উল্লেখ্য, আরজিকরে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে ২৪ দিন। এই ঘটনার তদন্তে পুলিশি ব্যর্থতার অভিযোগও এর আগে তুলেছিলেন আন্দোলনকারীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। এরপরেও প্রতিবাদের জন্য রোজই পথে নামছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও। আরজিকর কাণ্ডের ন্যায্য বিচারের দাবিতে সোমবার থেকে ‘লালবাজার অভিযান’-এ নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি। জানা গিয়েছে, পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিয়ে তাঁরই পদত্যাগের দাবি জানাবেন তাঁরা।

এদিকে, আরজিকর কাণ্ডে দোষীদের বিচার চেয়ে একটানা ২১ দিন কর্মবিরতির পর গত শনিবার থেকে শুধুমাত্র চার ঘন্টার জন্য চালু হয়েছে টেলিমেডিসিন পরিষেবা। জুনিয়র ডাক্তারদের তরফে বেশ কিছু মোবাইল নম্বর দেওয়া হয়েছে। রোগীদের যোগাযোগ করতে হবে ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭ ও ৬২৯০৩২৬০৭৯ হোয়াটসঅ্যাপ নম্বরে। এই নম্বরগুলিতে যোগাযোগ করে ডাক্তারদের থেকে টেলি মেডিসিন পরিষেবা পাওয়া যাবে। তবে, এখনই পুরোপুরি কর্মবিরতি প্রত্যাহার করার পথে হাঁটছেন না জুনিয়র ডাক্তাররা। জানা গিয়েছে, সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত পরিষেবা পাবেন রোগীরা।

About Post Author