স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ সেপ্টেম্বর: আন্তঃমহাদেশীয় কাপের শুরুতেই হোঁচট ভারতীয় ফুটবল দলের। রহিম সাহেবের শহরে দুর্বল মরিশাসকেও হারতে পারলেন না ছাঙতে, অনিরুদ্ধ থাপা, মনবীর সিংরা। খেলা শেষ হল গোলশূন্য। ইগর স্টিমাচকে বিদায় করে ব্লু টাইগারদের দায়িত্ব এফসি গোয়ার কোচ মানোলো মার্কুইজের হাতে তুলে দেয় সর্বভারতীয় ফুটবল সংস্থা। মরিশাসের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ভারতের জাতীয় ফুটবল দলে নিজের নতুন ইনিংস শুরু করলেন ৫৫ বছরের স্প্যানিশ কোচ। কিন্তু ফিফা ক্রমতালিকার ১৭৯ নম্বরে থাকা একটি দলের বিরুদ্ধে আটকে হতাশ হয়েই মাঠ ছাড়তে হল মানোলোকে।

ভারতীয় ফুটবল দল বর্তমানে ফিফা ক্রমতালিকার ১২৪ নম্বরে রয়েছে। তার থেকেও প্রায় ৫৫ কদম পিছনে রয়েছে মরিশাস। তার উপর ঘরের মাঠে ম্যাচ। প্রচুর দর্শক হাজির হয়েছিলেন হায়দরাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে মানোলোর দলকে সমর্থন করতে। প্রত্যাশা ছিল এরকম একটি দলের বিরুদ্ধে দাপুটে জয় তুলে আনবেন তাঁরা। কিন্তু হল না। বল দখলের লড়াইয়ে বিপক্ষকে টেক্কা দিলেও, গোলের দেখা পেল না ভারত।
আরও পড়ুন গ্রেফতারির একদিনের মধ্যেই এবার সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর
ম্যাচের আগের দিন মানোলো বলেছিলেন দলকে প্রস্তুত করার পর্যাপ্ত সময় তিনি পাননি। তিনি যে সঠিক বলেছিলেন বোঝা গেল মঙ্গলবার। ভারতীয় দলের খেলায় স্পষ্ট দেখা গিয়েছে বোঝাপড়ার অভাব। মরিশাসের মত দুর্বল দলও সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছিল। ভারতীয় রক্ষণের দুর্বলতায় আক্রমণে ধার বাড়াছিলেন মরিশাসের ফুটবলাররা। কিন্তু বিপদ বাড়েনি ভারতের।

উল্টোদিকে ভারতীয় দলের খেলায় পরিকল্পনার অভাব স্পষ্ট। মণবীর সিংকে স্ট্রাইকার রেখে দল সাজিয়েছিলেন দলের নতুন কোচ। কিন্তু নতুন পজিশনে খুব বেশি কার্যকর হতে পারলেন না তিনি। গোটা ম্যাচে মোট ন’টি শট মেরেছেন ভারতীয় ফুটবলারেরা। তার মধ্যে মাত্র একটি ছিল তিন কাঠির মধ্যে। সেটিও খুব সহজেই রুখে দেন মরিশাসের গোলরক্ষক। সব মিলিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীরা আবারও হতাশ হয়ে মাঠ ছাড়লেন।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই