সময় কলকাতা ডেস্ক, ৩ অক্টোবর: জেসিবির ধাক্কায় ছাত্র মৃত্যুর বিরুদ্ধে বুধবার রাতভর বাঁশদ্রোণী থানায় ধর্নায় বসেছিলেন রুপা গাঙ্গুলি। বৃহস্পতিবার সকালে বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদকে গ্রেফতার করেছিল পুলিশ। লাল গাড়িতে চড়িয়ে তাঁকে বাঁশদ্রোণী থেকে লালবাজারে আনা হয়েছিল সকালেই। দুপুর গড়ালে অভিনেত্রীকে আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল। এবার তাঁকে জামিন দিল আলিপুর আদালত। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। কলকাতার নতুন সিপি মনোজ পন্থের যুক্তি ছিল রূপা থানার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিলেন বলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছিল।

আরও পড়ুন: Governor CV Anand Bose: কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্যপাল বোস
এদিন সুবিচারের দাবিতে ধর্নায় বসা বিজেপি নেত্রীকে গ্রেফতার করা নিয়ে ফুঁসে উঠেছিলেন পার্টির একাধিক নেতারা। পার্টির অন্যতম মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, “রাজ্য সরকার সমালোচনা সহ্য করতে পারে না। তাই ন্যায্য বিচারের দাবি নিয়ে ধর্নায় বসা বিজেপি নেত্রীকে পুলিশ দিয়ে গ্রেফতার করানো হয়েছে।” মুখ খেলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন, “রূপার সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা লিগ্যাল টিম পাঠাচ্ছি।”
আরও পড়ুন: কাশ্মীরের বিজেপি নেতা মুশতাখ বুখারি প্রয়াত , শোক দলমত নির্বিশেষে
প্রসঙ্গত, বুধবার সকালে কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবম শ্রেণির এক ছাত্র পড়তে যাচ্ছিল। সেখানে রাস্তা সারাইয়ের কাজ করছিল একটি জেসিবি। চালক অতর্কিতে সেই ছাত্রকে ধাক্কা মারে। জেসিবির ধাক্কায় গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রটি। রক্তাক্ত অবস্থায় তাঁকে তৎক্ষনাত হাসপাতালে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরই অশান্তির সূত্রপাত। বাঁশদ্রোণী থানার পুলিশের বিরুদ্ধে বিজেপি নেত্রী রুপা গাঙ্গুলির অভিযোগ, জেসিবির ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনার মূল অভিযুক্তদের পুলিশ পালাতে সাহায্য করেছে। এই নিয়ে বুধবার রাত থেকে বাঁশদ্রোণী থানার সামনে ধর্নায় বসেছিলেন তিনি। ধর্না মঞ্চ থেকে রুপা বার্তা দিয়েছিলেন, “আমি রাতটা থানার সামনেই থাকব। সকাল থেকে ওঁরা ধরতে পারেননি অভিযুক্তদের। তাঁরা না ধরা পড়া পর্যন্ত আমি উঠছি না।” এরপর বৃহস্পতিবার সকালে রূপাকে গ্রপ্তার করেছে পুলিশ। সেখান থেকে মহিলা পুলিশ সহযোগে তাঁকে একটি লাল গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। আজ দুপুরে তাঁকে আলিপুর আদালতে তোলা হলে এক হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
রোহিঙ্গা ঠেকানো লক্ষ্য বিজেপির, বললেন খাদ্যমন্ত্রী
জেলা সংসদীয় সভাপতির পদ ছাড়লেন কাকলি, নাম না করে কাকে আক্রমণ?