সময় কলকাতা ডেস্ক, ৭ অক্টোবর: উৎসবে রেঙে ওঠার পরিবর্তে পুজোর আগে রক্তে লাল বীরভূম। সোমবার চতুর্থীর সকালে খয়রাশোলের ভাদুলিয়ার গঙ্গারামচক কয়লাখনিতে বিস্ফোরণের জেরে মৃত্যু হল অন্তত ৭ শ্রমিকের। ছড়িয়ে ছিটিয়ে পড়ল শ্রমিকদের দেহাংশ। খনির ভিতর থেকে প্রথমে ৫ জনের দেহ উদ্ধার হয়েছে। পরে পাওয়া যায় আরও ২ জনের মৃতদেহ। সঙ্গে আহত হয়েছেন অনেকে। সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে
এই বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে গিয়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়লাখনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য একটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়েছিল। অন্যান্য দিন যে পরিমাণ বিস্ফোরক দু’টি ট্রাকে আনা হয়, সোমবার তা কোনওপ্রকারে একটি ট্রাকেই আনা হচ্ছিল। কার্যত ওভারলোডিংই যে এই বিস্ফোরণের কারণ, দাবি অনেকের। কেউ কেউ আবার জানিয়েছেন কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ করার আগে খতিয়ে দেখা হয়নি ভিতরে কেউ ছিল কি না। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভাদুলিয়া এলাকায়। কয়লাখনির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। এমনকি মৃতদেহ স্থানান্তরেও বাঁধা দেওয়া হচ্ছে পুলিশকে। ঘটনার পর থেকেই বেপাত্তা কয়লাখনির উচ্চ পদস্থ আধিকারিকরা।
আরও পড়ুন: বিনীত গোয়েল মামলায় নতুন মোড়, মোদী অধীনস্থ দফতরের হলফনামা চাইল হাইকোর্ট
দুর্ঘটনার পর এলাকাবাসীদের প্রশ্ন, শুধুমাত্র অসাবধানতার জেরেই ঘটেছে ঘটনাটি, না কি এর নেপথ্যে রয়েছে কোনও ষড়যন্ত্র। আধিকারিকদের দায় এড়িয়ে পালানোয় ফুঁসে উঠেছেন এলাকার বাসিন্দা। এই মুহূর্তে উদ্ধারকর্যের সঙ্গে উত্তপ্ত এলাকাবাসীদের সামাল দিতে কয়লাখনি চত্বরে পুলিশ বাহিনী মোতায়েন করেছে প্রশাসন। আশঙ্কা করা হচ্ছে খনি থেকে এখনও উদ্ধার হতে পারে একাধিক মৃতদেহ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী