Home » গর্ভবতী মায়ের দগ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্যকর পরিস্থিতি ষষ্ঠীর দিনেও

গর্ভবতী মায়ের দগ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্যকর পরিস্থিতি ষষ্ঠীর দিনেও

সময় কলকাতা ডেস্ক, ৯ অক্টোবর: দেবীপক্ষের শুরু অর্থ্যাৎ প্রথমা বা মহালয়া থেকে পঞ্চমী পর্যন্ত প্রায় রোজ রাজ্যের একটা না একটা প্রান্ত থেকে নারী নির্যাতনের খবর এসেছে। আজ, ষষ্ঠীও ব্যতীত থাকল না। অজ্ঞাতপরিচয় এক অন্তঃসত্ত্বার দগ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল বীরভূমের মল্লারপুরে। বুধবার সকালে মল্লারপুরের সাতবেড়িয়ায় একটি মাঠে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। মৃতদেহ দেখেই তাঁরা পুলিশে দেয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। মহিলার পরিচয় ও মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। ইতিমধ্যে তাঁরা জানিয়েছে মহিলার দেহ এমনভাবে পুড়েছে, যে মৃতাকে সনাক্ত করা যাচ্ছে না।

আরও পড়ুন: অতিরিক্ত আত্মবিশ্বাসই কি হরিয়ানায় ডোবালো কংগ্রেসকে?

স্থানীয়রা যারা মৃতদেহ উদ্ধার করেছে তাঁদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, আজ সকালে গ্রামের একটি মাঠে ওই মহিলার দগ্ধ দেহ দেখতে পায় তাঁরা। ভয়ানক এই দৃশ্য দেখে বিচলিত গোটা গ্রাম। তাঁদের কথায়, মৃতার গর্ভে সন্তান ছিল, যার হাত-পা বেরিয়ে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মহিলাকে এই মাঠে এনে খুন করে পোড়ানো হয়েছে, না কি অন্য কোথাও খুন করে এখানে পোড়ানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মহিলার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ কী, প্রশ্ন নিয়ে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন: শাস্ত্রমতে ষষ্ঠীতেই হয় দেবী দুর্গার বোধন , তবে অকাল বোধন কেন বলা হয় দুর্গাপুজোকে? 

আপাতত তদন্তের শুরুতে মহিলার পরিচয় জানতে আশেপাশের এলাকা গুলোয় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মহিলা স্থানীয় কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রে খবর, পরিচয় জানতে মহিলার ডিএনএ সংগ্রহ করা হতে পারে। তবে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, মহিলাকে খুন করে সাতবেড়িয়ার মাঠে পোড়ানো হয়েছে। তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। রাজ্য যখন মশগুল জাতির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোয়। তখনই রাজ্য জুড়ে রোজ নারী নির্যাতনের ঘটনা ফের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে প্রশাসনকে। 

About Post Author