Home » Baba Siddiqui: দশেরার রাতে দুষ্কৃতীদের গুলিতে নিহত বাবা সিদ্দিকী

Baba Siddiqui: দশেরার রাতে দুষ্কৃতীদের গুলিতে নিহত বাবা সিদ্দিকী

সময় কলকাতা ডেস্ক, ১৩ অক্টোবর: গোটা দেশে মহাসমারোহে পালিত হচ্ছে দশেরা। তার মধ্যেই গুলি করে খুন করা হল মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা প্রভাবশালী নেতা বাবা সিদ্দিকীকে । মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মুখে এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার নির্মল নগরে নিজের অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন বাবা সিদ্দিকী। সেই সময় তাঁর উপর চড়াও হয় জনা তিনেক দুষ্কৃতী। বাবা সিদ্দিকীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। বুকে ও পায়ে গুলি লাগে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বাবা। তারপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুম্বইয়ের লীলাবতী হাসপতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে আর ফেরাতে পারেনি। দশেরার আতশবাজির শব্দের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তিন অপরাধী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট তিন রাউন্ড গুলি চালানো হয়েছিল।

আরও পড়ুন: চার্জশিটে মূল অভিযুক্ত একজন! খুশি নন নাগরিক সমাজ, এবার মিছিল সিজিওতে

মুম্বইয়ের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতার মধ্যে অন্যতম ছিলেন বাবা সিদ্দিকী। দীর্ঘদিন ধরে কংগ্রেস পার্টির সঙ্গে অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে ছিলেন। হাত চিহ্নে মুম্বইয়ে বান্দ্রা কেন্দ্র থেকে মোট তিনবার (১৯৯৯, ২০০৪ ও ২০০৯ সালে) বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। রাজ্যের মন্ত্রীও হয়েছেন। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির গুরুত্বপূর্ণ পদেও ছিলেন দীর্ঘদিন। তবে সম্প্রতি কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। কাকা শরদ পাওয়ারের থেকে আলাদা হয়ে নতুন দল গড়েন অজিত পাওয়ার। মহাগঠবন্ধন ছেড়ে সেই দল যোগ দেয় এনডিএ শিবিরে। অজিতকে মহারাষ্ট্রের এনডিএ সরকারের আর একজন উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়।

‘নতুন’ ন্যাশনালিস্ট কংগ্রেস দলে যোগ দেন বাবা সিদ্দিকী। তাঁর বিধায়ক পুত্র জিসান সিদ্দিকীকে দিন কয়েক আগে দলবিরোধী কার্যকলাপের জন্য বরখাস্ত করে কংগ্রেস। বাবা সিদ্দিকীর মত প্রভাবশালী এক নেতার উপর এই হামলার ঘটনায় মুখ খুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলাকে নিজেদের হাতে না তুলে নেওয়ার বার্তা দিয়েছেন।

কয়েকদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে আবারও দুষ্কৃতী হামলার শিকার হতে হল অজিত পাওয়ার গোষ্ঠীর কোনও নেতাকে। কয়েকদিন আগে সচিন কুর্মীকে খুন করা হয়। এ বার খুন করা হল বাবা সিদ্দিকীকে। এই ঘটনা মুম্বইয়ের মত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহরের আইন শৃঙ্খলাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ঘটনায় ইতিমধ্যে দুইজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাদের পরিচয় জানা না গেলেও জানা গিয়েছে তাঁদের একজন উত্তরপ্রদেশের বাসিন্দা ও অন্যজনের বাড়ি হরিয়ানায়।

About Post Author