সময় কলকাতা ডেস্ক, ১৯ অক্টোবরঃ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যের বিরুদ্ধে সুর চরিয়ে পথে নেমেছে জুনিয়র চিকিৎসকেরা। সিনিওর চিকিৎসকেদেরও সমর্থন পাচ্ছেন তাঁরা। বিভিন্ন চিকিৎসক সংগঠন এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে। উল্টোদিকে, চুপ করে বসে নেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও। প্রতিদিন চিকিৎসকদের এই আন্দোলনকে কটাক্ষ করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিভিন্ন তথ্য সমাজমাধ্যমে তুলে ধরে আক্রমণ শানাচ্ছেন আন্দোলনরত চিকিৎসকদের। পাশাপাশি, বাম-অতিবাম-বিজেপির দিকেও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ঘাসফুলশিবির। এ বার আবারও একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন কুণাল। রেজিস্টার অব অ্যাসিওরেন্সের দফতরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের রেজিস্ট্রেশন এনজিও’র নামে করা হয়েছে বলে অভিযোগ করেন। পাশাপাশি সেই এনজিও-র অ্যাকাউন্টে ১ কোটি ৭০ লক্ষ টাকা জমা থাকার অভিযোগ তুলেছে তৃণমূল।

রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তার দাবিতে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র চিকিত্সকরা। এই আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। সরকারের পক্ষ থেকে একাধিকবার অনশন তুলে নেওয়ার আর্জি জানানো হলেও, নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারী চিকিত্সকরা। এসবের মধ্যেই আবার শুক্রবার সিনিয়র চিকিত্সকদের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারী জুনিয়র চিকিত্সকরা সময় বেধে দিয়েছেন সরকারকে। তাঁরা জানিয়েছেন, সোমবারের মধ্যে ১০ দফা দাবি পূরণ না হলে মঙ্গলবার থেকে রাজ্যে সর্বাত্মক স্বাস্থ্য ধর্মঘট পালন করা হবে। সিনিয়র চিকিৎসকরাও জানিয়ে দেন এই লড়াইয় জুনিয়রদের পাশে রয়েছেন তাঁরা। দাবি আদায় না হলে আগামীদিনে আন্দোলন আরও বৃহত্তর করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা কার্যত হুমকির সুরে জানিয়ে দেন ধর্মঘটের প্রভাব রোগীর উপর পড়লে দায়ভার সরকারের।
আরও পড়ুনঃ Kunal Ghosh: সোমে ফের ধর্মঘট চিকিৎসকদের, সমাজ মাধ্যমে কটাক্ষ কুণালের
চিকত্সকদের এই ঘোষণায় তোলপাড় রাজ্যরাজনীতি। তখনই ফের একবার আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল। সামনে আনা হল জুনিয়র ডাক্তারদের তরফে গঠিত স্বেচ্ছাসেবী সংস্থার এনজিও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মোট অর্থের পরিমাণ। জানা গিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর রেজিস্টার অব অ্যাসিওরেন্সের দফতরে এনজিও’র রেজিস্ট্রেশন করিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সংশ্লিষ্ট এনজিও-র নামে এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কলকাতা হাইকোর্ট শাখায় যে অ্যাকাউন্টটি খোলা হয়েছে, সেখানে গত ১৬ অক্টোবরের জমা ছিল প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা! তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, তদন্ত করছে সিবিআই, কোর্টের নজরদারিতে পুরো প্রক্রিয়া এগোচ্ছে, রাজ্য পরিকাঠামোগত সমাধান দ্রুততার সঙ্গে করছে। তবু পরিকল্পিতভাবে রাজ্য অশান্তির পরিবেশ তৈরির জন্য আন্দোলন জিইয়ে রাখা হচ্ছে। সেজন্য বাম, অতি বাম -সহ কিছু সংগঠন দেদার জুনিয়র ডাক্তারদের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে দেদার টাকা ঢালছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে একাংশ বেসরকারি হাসপাতাল ব্যবসায়ীর সুবিধা করে দেওয়ার অভিযোগ আগেই এনেছিলেন কুণাল ঘোষ। কিছু বাম এবং অতি বাম সংগঠনের লোকজন প্ররোচনা দিয়ে জুনিয়র চিকিৎসকদের আবেগকে যে বিপথে পরিচালিত করে নিজেদের রাজনৈতিক ফায়দা মেটানোর চেষ্টা করছে বলে শুক্রবারও অভিযোগ করেছে তৃণমূল। এবার প্রকাশ্যে আনল ব্যাঙ্ক অ্যাকাউন্টের মোট অর্থের পরিমাণের তথ্য। যদিও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভানুধ্যায়ীরা টাকা পাঠাচ্ছেন, ওই টাকা থেকেই আন্দোলনের যাবতীয় অর্থ খরচ করা হচ্ছে। জানা গিয়েছে, জুনিয়র ডাক্তারদের তরফে রেজিস্ট্রেশন করা ওই এনজিও’র কাজকর্ম হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদানের মতো নানা সমাজসেবা মূলক পদক্ষেপের উল্লেখ করা হয়েছে। আন্দোলনকারীরা জানান, ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকায় এই উদ্যোগ নেওয়াও হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?