সময় কলকাতা ডেস্ক, ২২ অক্টোবর: বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি ‘দানা’ ধেয়ে আসছে বঙ্গের দিকে। হাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী বৃহস্পতিবার ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে ঝড়টি। যার জেরে বাংলার উপকূলের জেলাগুলোতেও প্রবল ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য, মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ জেলায় ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ। বন্ধ থাকবে ফেরি চলাচল। ইতিমধ্যে বিপদজনক এলাকার বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। প্রতি মুহূর্তে সতর্ক সরকার। নবান্নের পাশাপাশি জেলা স্তরেও করা হবে কন্ট্রোল রুম।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী তাঁর পছন্দ মত উপাচার্যের তালিকা পাঠাবেন রাজ্যপালকে: সুপ্রিম কোর্ট
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, বৃহস্পতিবার ‘দানার’ বঙ্গে ল্যান্ডফলের কথা থাকলেও ঝড়টি যেকোনও সময় আছড়ে পড়তে পারে। তাই তৈরি থাকতে হবে। সেই কথা মাথায় রেখে ২৩ তারিখ থেকে ৩ দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, পুরুলিয়া ও ঝাড়গ্রামে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। ফেরি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই দিঘা থেকে পর্যটকরা বাড়ি ফেরা শুরু করেছে। পুরী থেকে বঙ্গের দর্শনার্থীরা ফিরে এসেছেন।
আরও পড়ুন: অসামান্য প্রদর্শন করে বিন্নাগুরি সৈনিক স্কুলের সাফল্য
উল্লেখ্য, আইএমডির বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমে নিম্নচাপ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরের ওপরে অবস্থান করছিল, তা এবার পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। মঙ্গলবার সকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর বুধবারের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড় ‘দানা’ তৈরি হবে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল বরাবর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে ‘দানা’। এই মুহূর্তে বাংলার উপকূল থেকে প্রায় ৭৫০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোররাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হয়ে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল পার করবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি