Home » Minakshi Mukherjee: ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে, পাল্টা অভিযোগ তুলে পুলিশের দারস্থ মীনাক্ষী

Minakshi Mukherjee: ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে, পাল্টা অভিযোগ তুলে পুলিশের দারস্থ মীনাক্ষী

সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর: সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল শাসক দলের নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নামে আপত্তিকর ফেসবুক পোস্ট করার। গতকাল বামনেত্রীকে এই মর্মে কটাক্ষ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল তৃণমূল কর্মীরা। যদিও সেই অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছিলেন মীনাক্ষী। এবার পাল্টা দিতে পুলিশের দ্বারস্থ হলেন তিনি। এবার মীনাক্ষীর অভিযোগ তাঁর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে বামনেত্রীর ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।

আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যে জোড়া ধর্ষণ, সুরক্ষার নিয়ে প্রশ্নবান কংগ্রেসের

মাইক্রোব্লগিং সাইট ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে যাবতীয় বিতর্কের সূত্রপাত। মীনাক্ষী মুখার্জি নামের একটি প্রোফাইল থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের একটি বিকৃত করা ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ফেজ টুপি পরা মেয়রের হাতে সুরার বোতল। ছবির নিচে লেখা – ‘৯০ এমএল ঝড় হয়ে গেল! তারপরেই সিপিআইএম দল এবং তাদের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি করেছেন তিনি। ফেসবুকে সেই পোস্ট শেয়ার করে কুণাল লিখেছেন, “‌ছিঃ মীনাক্ষী। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সিপিএমের রাজনৈতিক শত্রু হতে পারেন। কিন্তু তার ছবি বিকৃত করতে গিয়ে দাড়ি, বোতল, মুসলিম সমাজ, মসজিদের ছবি এনে অসম্মান, কুরুচির এই প্রতিফলন ধিক্কারযোগ্য। এই পোস্ট অবিলম্বে ডিলিট করে ক্ষমা চাওয়া উচিত। রাজনীতিতে পেরে না উঠলেই এমন বিকৃতি আসে। এই প্ররোচনামূলকভাবে কোনো ধর্মকে অপমান করা ঘোরতর অন্যায়। তবে, সিপিএম তো, এরকমই মানসিকতা স্বাভাবিক।”

যদিও তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগের জবাব আগেই দিয়েছেন মীনাক্ষী। নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। সেখানে তাঁর দু’টি আসল সমাজমাধ্যম অ্যাকাউন্টের ডিটেলস লিঙ্ক দেন। তিনি বোঝাতে চেয়েছেন এই দুটি প্রোফাইল ছাড়া অন্য কোনও তাঁর নামধারী অ্যাকাউন্টের সঙ্গে তাঁর ও তাঁর দলের যোগসাজস নেই। পোস্টে বামনেত্রী লেখেন, এ ছাড়া তাঁর আর কোনও ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট নেই। এই ঘটনায় দলের নেত্রীর পাশে দাঁড়িয়েছে বামনেতৃত্ব। বিধানসভায় বামেদের জোটসঙ্গী আইএসএফও ঘটনায় মীনাক্ষীর পাশে দাঁড়িয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ফেসবুক পোস্টে মীনাক্ষীকে দ্রুত আইনের দ্বারস্থ হতে পরামর্শ দিয়েছেন। এবার সেই পথেই এগোলেন মীনাক্ষী। এই ‘পোস্ট’ কে করেছেন, তা খুঁজে দেখতে কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ করেছেন মীনাক্ষীও। তাতে তাঁর ছবি ব্যবহার করে দল হিসেবে সিপিএম ও দলের যুব সংগঠনের সম্মান ক্ষুণ্ণ করতে যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি করেছেন তিনি।

About Post Author