Home » ফের অগ্নিকাণ্ড দক্ষিণ কলকাতায়, আগুন নেভাতে তৎপর দমকলের ৩ টি ইঞ্জিন

ফের অগ্নিকাণ্ড দক্ষিণ কলকাতায়, আগুন নেভাতে তৎপর দমকলের ৩ টি ইঞ্জিন

সময় কলকাতা ডেস্ক, ১৩ নভেম্বর: ফের অগ্নিকাণ্ড দক্ষিণ কলকাতায়। লেক গার্ডেন্সের একটি ঝুপড়ি এলাকায় দাউদাউ আগুন লাগে বুধবার বিকেলে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে এলাকাবাসী। আশপাশের একাধিক রাস্তায় বন্ধ যানবাহন চলাচল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত যাদবপুর থানার পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও প্রাণহানি হয়নি।

আরও পড়ুনঃ অফিস টাইমে নিয়মিত ট্রেন লেট! ক্ষিপ্ত যাত্রীরা, লাইনে নেমে প্রতিবাদ খড়গপুর শাখায়

দিন কয়েক আগেও লেক গার্ডেন্সের কাছে একটি এলাকায় অগ্নিকাণ্ডে ভস্ম হয়ে গিয়েছিল একাধিক বসতি। এলাকাবাসীরা দমকল দেরিতে পৌঁছানোর অভিযোগ তুলে বিদ্রোহ করেছিল। সেবার দমকল ও জনপ্রতিনিধিদের দিকে গাফিলতির অভিযোগ উঠেছিল। বুধবার এই এলাকারই বেকারি বাজারের মতো ঘিঞ্জি জায়গায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল। কালো ধোঁয়া দেখে প্রথম আগুনের খবর জানতে পারেন পথচারীরাই। খবর পাঠানো হয় দমকলে। তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ইঞ্জিন পাঠানো হয় বলে খবর। ততক্ষণে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে অনেকটা দূর। চারপাশ থেকে দোকানদাররাও বেরিয়ে আসেন আতঙ্কে। জানা গিয়েছে, বেকারি বাজারের অন্তত ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রচুর ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ বিজেপির পর এবার আইএসএফের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! ঘটনায় চাঞ্চল্য হাড়োয়ার কাঁকড়া মির্জানগরে

বুধবার লেক গার্ডেন্সের অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস, বিধায়ক দেবাশিস কুমার। আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে আনোয়ার শাহ রোড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ। দক্ষিণ কলকাতার এমন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। পাশাপশি খাস কলকাতায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় পুরসভার দিকেও আঙ্গুল তুলেছেন একাংশ।

About Post Author