সুজয় ভট্টাচার্য,সময় কলকাতা , ১ ডিসেম্বর : লক্ষাধিক টাকা ছিনতাইয়ের গল্প ভালোভাবে সাজিয়েও শেষ পর্যন্ত ধরা পড়তেই হল। টাকা আত্মসাৎ করা দুষ্কৃতীকে পাকড়াও করে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানা বড় সাফল্য দেখাল টাকা উদ্ধার করার ক্ষেত্রে। ২৪ ঘন্টারও কম সময়ে তদন্তের জাল গুটিয়ে এনে ১ লক্ষ ৬০ হাজার টাকা শুধু যে উদ্ধার হল তাই নয়, অভিযুক্তকে বামাল সমেত গ্রেফতার করলেন মঙ্গল থানার তদন্তকারী আধিকারিকরা। ছিনতাইয়ের গল্প ফেঁদে বিশাল পরিমাণ অর্থ আত্মসাৎ করার চক্রান্ত ব্যর্থ হয়েছে পুলিশের সরেজমিনে করা তদন্তে।
ছিনতাইয়ের গল্প সংক্রান্ত বিষয়টি পুলিশ সুরাহা করলেও পুলিশকে বোকা বানানোর দারুণ প্লট সাজিয়েছিল অভিযুক্ত। শুক্রবার সন্ধ্যার সময় মঙ্গলকোট থানার অন্তর্গত কৈচর ফাঁড়িতে একটি অভিযোগ আসে যে, কাটোয়া থানার অন্তর্গত এক মোটর ভ্যান চালক জানান, তাঁর আদায় করা কাটোয়ার একটি চানাচুর কোম্পানির মোটা অঙ্কের টাকা ছিনতাই হয়ে যায়। অভিযোগকারী জানিয়েছিল,সন্ধ্যার দিকে তিনি বিভিন্ন দোকানে চানাচুর পৌঁছে দিয়ে পাওনা টাকা আদায় করে কাটোয়ার দিকে ফিরছিলেন। মঙ্গলকোটের শীতল গ্রামের ক্যানেলের কাছে একাধিক দুষ্কৃতী তাঁর গাড়ি আটকায়। অতঃপর বলপূর্বক তাঁর কাছে থাকা ব্যবসার আদায়ের ১ লক্ষ ৬৫ হাজার টাকা লুঠ করে বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা।
অভিযোগ পাওয়া মাত্রই পুলিশী তৎপরতা শুরু হয়। তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারী দল। মোটর ভ্যান চালককে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মোটর ভ্যানচালক লোভের বশে তার মালিকের টাকা আত্মসাৎ করেছে এবং টাকা নিজের বাড়িতে লুকিয়ে রেখে পুলিশের সামনে একটি ছিনতাই হওয়ার গল্প তৈরি করেছে। মঙ্গলকোট থানার পুলিশ ২৪ ঘন্টার মধ্যে ওই ১ লক্ষ ৬৫ হাজার টাকা উদ্ধার করে এবং মোটর ভ্যান চালককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মোটর ভ্যানচালকের নাম গৌতম রায়। অভিযুক্তের বাড়ি কাটোয়া সংলগ্ন শুড্ডা গ্রামে।
মঙ্গলকোট পুলিশ সূত্রে জানা যায় যে, অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের পাকড়াও করতে প্রথমেই বিভিন্ন সিসিটিভি ক্যামেরা চেক করা হয়। কোথাও এই ধরনের ঘটনা না দেখতে পাওয়া যায় নি। এরকম ঘটনার সাক্ষীও কেউ ছিল না। দুষ্কৃতীরা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। অভিযোগের বয়ানে সন্দেহ হওয়ায় ওই মোটর ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ । তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর দীর্ঘ চার ঘণ্টার উপর পুলিশের জেরার সামনে ভেঙে পড়ে গৌতম রায় । ছিনতাইয়ের গল্প সংক্রান্ত তদন্তের শেষে কাটোয়া সংলগ্ন তার গ্রামের বাড়ি থেকেই টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।।
আরও পড়ুন জেল থেকে বেরিয়ে নির্যাতিতাকে খুন করল ধর্ষণে অভিযুক্ত


More Stories
সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী
স্কুল থেকে উদ্ধার বিপুল টাকা, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের নামে অভিযোগ দায়ের
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার