Home » হকার উচ্ছেদকে কেন্দ্র করে রেল অবরোধ বিরাটীতে

হকার উচ্ছেদকে কেন্দ্র করে রেল অবরোধ বিরাটীতে

সময় কলকাতা ডেস্ক, ১ ডিসেম্বর: দেশ জুড়ে প্রায় এক কোটি মানুষ জীবিকা নির্বাহ করেন রেলে হকারি করে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রেল হকারের সংখ্যা প্রায় দশ লাখ। সকাল থেকে রাত পর্যন্ত ট্রেনের এক বগি থেকে অন্য বগিতে দৌড়ঝাঁপ করে বেঁচে থাকার লড়াইতে টিকে থাকতে হয় তাঁদের। করোনা অতিমারিতে ট্রেন বন্ধ থাকায় ভয়ঙ্কর দারিদ্রের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই রেলের একটা ছোট্ট বিজ্ঞপ্তিতে এই হকারদের জীবনে নেমে এসেছিল গভীর অন্ধকার। পূর্ব রেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আর রেলে কাউকে হকারি করতে দেওয়া যাবে না। সেই নিয়ে তখন দেদার আন্দোলন, বিদ্রোহ করেছিল হকারদের সংগঠন। তারপর পরিস্থিতি একটু শান্ত হয়। শনিবার ফের রেলের হকার উচ্ছেদকে কেন্দ্র করে রেল পুলিশের বিরুদ্ধে অগ্নিগর্ভ কাণ্ড শিয়ালদহ-বারাসাত শাখার বিরটি স্টেশনে। আরপিএফ ঘটনাস্থলে যেতেই আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন হকাররা। প্রতিবাদ দেখাতে রেল পরিষেবা অবরোধ করেন তাঁরা। হকাররা দাঁড়িয়ে পড়েন সেই সময় স্টেশনে উপস্থিত হাবড়া লোকালের সামনে। একসঙ্গে প্রতিবাদ জানায় কংগ্রেস- তৃণমূল- সিপিআইএমের সংগঠন। যা নিয়ে তুমুল উত্তেজনা স্টেশন চত্বরে।

রেল সূত্রে খবর, স্টেশনের পাশে হকার উচ্ছেদের জন্য আগেই নোটিস দেওয়া হয়েছিল। সেই মোতাবেক রবিবার সকালে দোকানগুলো ভাঙার কাজ শুরু হয়। তা দেখেই প্রতিবাদ জানাতে থাকেন হকাররা। পুলিশ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। তার পরও দোকান ভাঙার কাজ না থামায় বিরাটে স্টেশনে রেল অবরোধ শুরু হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে হাবড়া লোকাল। রেলের তরফে বার বার রাস্তা ফাঁকা করার ঘোষণা করা হলেও তা শুনতে রাজি হননি বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, এই দোকানকে কেন্দ্র করে তাঁদের সংসার চলে। তা ভেঙে দেওয়া হলে জীবিকা হারাবেন তাঁরা। সংসার চলবে কী করে প্রশ্ন তোলেন তাঁরা। প্রতিবাদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ “আর কোন মুখ্যমন্ত্রী এত তৎপর?”, অপরাজিতা বিল প্রসঙ্গে প্রশ্ন অভিষেকের

প্রসঙ্গত, মাস কয়েক আগেই কলকাতার একাধিক জায়গায় রাস্তার ধারে সারি সারি অস্থায়ী দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। সেই নিয়ে রুজিরুটি যোগান খরা পড়েছে একাংশের জীবনে। তার ওপর এবার হকারদের সম্পুর্ন উচ্ছেদ করা নিয়ে জটলা চিন্তা বাড়াচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর।

About Post Author