Home » পুকুর থেকে উদ্ধার আদিবাসী যুবতীর হাত-পা বাঁধা দেহ, চাঞ্চল্য সন্দেশখালিতে

পুকুর থেকে উদ্ধার আদিবাসী যুবতীর হাত-পা বাঁধা দেহ, চাঞ্চল্য সন্দেশখালিতে

সময় কলকাতা ডেস্ক, ৭ ডিসেম্বর: ফের শিরোনামে সন্দেশখালি। হাত-পা বেঁধে অবস্থায় আদিবাসী যুবতীর দেহ উদ্ধার বাড়ির কাছেই পুকুর থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন যুবতী। পরিবার তাঁর খোঁজ করছিলেন। তারপর শনিবার বাড়ির অদূরেই একটি পুকুরের জলে ভেসে ওঠে তাঁর দেহ। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে তাঁদের অনুমান, খুন হয়েছেন যুবতী। তবে শুধু খুন নাকি ধর্ষণও হয়েছে তিনি তা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে ধোঁয়াশা কাটবে।

 

আরও পড়ুন: ফুটন্ত ঘুগনিতে ছেলের দেহ, মায়ের সামনেই ঝলসে মৃত্যু খুদের

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ন্যাজাট থানার কালীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটিহারা এলাকার। মৃত যুবতী দ্বাদশ শ্রেণীর পড়ুয়া, ঘোষপুরের বাসিন্দা। ৪ ডিসেম্বর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের দাবি, বুধবার বিকালে বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি। এরপর রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরেননি। স্বাভাবতই চিন্তায় পড়ে যায় পরিবার। শুরু হয় খোঁজ। এলাকা, বন্ধু-বান্ধব এমনকি আত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েও হদিশ মেলে না তাঁর। পরে বাধ্য হয়ে তাঁরা বসিরহাটের ন্যাজাট থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন। পুলিশ খোঁজাখুঁজি শুরু করলেও কোনও খোঁজ মেলেনি মেয়ের। শনিবার সকালে ঘটিহারা এলাকার পুকুরে একটি দেহ ভাসতে দেখা যায়। তা নিয়ে হইচই শুরু হয়। খবর দেওয়া হয় ন্যাজাট থানায়। তড়িঘড়ি পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় একজন মহিলার দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত নিখোঁজ তরুণীর বাড়ির লোককে খবর দিলে তাঁরা গিয়ে দেহ শনাক্ত করে।

আরও পড়ুন: ৬২ দিনের মধ্যে ফাঁসির সাজা ধর্ষককে, জয়নগর কাণ্ডের বিচারে নজির গড়ল বারুইপুরের নিম্ন আদালত

পরিবারের দাবি, পরিকল্পনামাফিক মেয়েকে খুন করে দেহ পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। খুনের আগে ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা পরিবারের। পুলিশেরও প্রাথমিক ধারণা তরুণীকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ধর্ষণ প্রসঙ্গে কিছু বলতে রাজি নয় পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ অভিষেক সিংভির আসনে নোটের বান্ডিল! তদন্তের নির্দেশ চেয়ারম্যান ধনকড়ের

About Post Author