Home » আম্বেদকরকে অপমানের জন্য ক্ষমা চান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী! মিছিল করে দাবি তুলল তৃণমূল

আম্বেদকরকে অপমানের জন্য ক্ষমা চান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী! মিছিল করে দাবি তুলল তৃণমূল

সময় কলকাতা ডেস্ক, ২৩ ডিসেম্বর: সংসদে বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় সরব তৃণমূল। সেই  ইস্যুতে আগেই পথে নামার সিদ্ধান্ত জানিয়েছিল মমতা। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলাজুড়ে তৃণমূল নেতা-কর্মীরা এদিন প্রতিবাদ কর্মসূচি পালন করলেন।

আরও পড়ুন: South Africa vs Pakistan: রামধনুর দেশে পাকিস্তান ক্রিকেটে নতুন সূর্যোদয়, দক্ষিণ আফ্রিকাকে চুনকাম করলেন রিজওয়ানরা

কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান থেকে উত্তরবঙ্গ, রাজ্যের সব জেলাতেই এই মিছিল হয় সোমবার। মিছিল থেকে অমিত শাহের পদত্যাগের দাবিও তোলা হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। বিজেপি সরাসরি এবার সংবিধানকে আঘাত করতে শুরু করেছে। সেই অভিযোগ তোলা হয়েছে। এদিন কলকাতায় পথে নেমেছিল তৃণমূল ছাত্র পরিষদ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিলে অংশ নেন। বাবাসাহেব আম্বেদকরের ছবিতে মালা, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

উত্তর কলকাতায় মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজা দীনেন্দ্র স্ট্রিট, মানিকতলা এলাকায় মিছিলে স্থানীয় নেতৃত্ব, কর্মীরা উপস্থিত ছিল। এদিন কুণাল ঘোষ বলেন, “বাবাসাহেবকে অপমান করেছেন অমিত শাহ। এটা শুধু বাবাসাহেব আম্বেদকরের অপমান নয়। দেশের, সংবিধানের হত্যার অপমান। ক্ষমা চান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।” মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদের ভিতরে ও বাইরে তৃণমূল সাংসদরা প্রতিবাদ করছেন। এই রাজ্যেও তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা প্রতিবাদে সরব হয়েছেন বলে তিনি জানান। সোমবার দুপুরে দুটো থেকে তিনটে পর্যন্ত  প্রধান কর্মসূচি চলে। প্রধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দলের গুরুত্বপূর্ণ নেতারাও উপস্থিত ছিলেন। অমিত শাহকে তাঁর বক্তব্যের জন্য ধিক্কার জানানো হয়। তৃণমূলের পাশাপশি প্রতিবাদে সোচ্চার বাকি একাধিক বিরোধি দল গুলিও। যার জেরে এদিন পথে নামতে দেখা গেল কংগ্রেসকেও।

About Post Author