Home » এবার ‘বাংলার বাড়ি’তে রাজ্যের নিজস্ব লোগো ব্যবহারের নির্দেশ মমতার

এবার ‘বাংলার বাড়ি’তে রাজ্যের নিজস্ব লোগো ব্যবহারের নির্দেশ মমতার

সময় কলকাতা ডেস্ক:- বাংলার আবাস যোজনায় নির্মিত বাড়ির গায়ে নিজস্ব লোগো ব্যবহারের নির্দেশ দিল নবান্ন। এ ব্যাপারে নবান্ন থেকে খুব শীঘ্রই এই লোগো জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। জেলাশাসকদের কাছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পাঠানো স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।

পঞ্চায়েত ও গ্রামান্নোয়ন দপ্তরের এসওপি তে আরও একগুচ্ছ নির্দেশিকার কথা বলা হয়েছে। এসওপিতে জেলাশাসকদের বলা হয়েছে, বাংলার আবাস যোজনায় বাড়ি করার জন্য উপভোক্তারা যাতে ন‌্যায্যমূল্যে সিমেন্ট, ইট, লোহা-সহ নির্মাণ সামগ্রী পেতে পারে তার ব্যবস্থা করতে ডিলারদের সঙ্গে কথা বলতে হবে। বিডিওদের স্থানীয় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। যাতে নির্মাণ সামগ্রীর যাবতীয় কাঁচামাল ঠিক দামে গ্রাহকরা কিনতে পারেন।

পাশাপাশি, বাংলার বাড়ির সঙ্গে শৌচালয় করে দিতে বলা হয়েছে নির্মল বাংলা প্রকল্পের টাকায়। এছাড়া বাড়িগুলিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের টাকায় জল ও এসইডিসিএলকে দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করতে বলা হয়েছে। উপভোক্তাদের জীবনযাত্রার জন্য পঞ্চায়েতের আনন্দধারা প্রকল্পে যুক্ত করতে বলা হয়েছে। নির্মাণ শেষ হওয়া মাত্রই সমীক্ষকরা সরেজমিনে গিয়ে তা খতিয়ে দেখবে। ছবি তুলবে এবং জিওট্যাগ করবে। ঘোষণা করবে বাড়ি তৈরি হয়ে গিয়েছে। তার ভিত্তিতেই ব্লক স্তরের আধিকারিকরা তা অনুমোদন করবে।

About Post Author