সময় কলকাতা ডেস্ক:- তৃণমূলকে মারছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক হিংসা নিয়ে যতই বিরোধীদের নিশানা করুন, তদন্তে উঠে আসছে গোষ্ঠীদ্বন্দ্বের কাহিনী। মালদহের তৃণমূল নেতা খুনের পর এবার ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি। হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের ছবি ও অডিও বার্তা পাঠিয়ে খুনের হুমকির অভিযোগ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পঞ্চায়েত প্রধান। খুন হওয়ার আশঙ্কা করছেন তিনি। আতঙ্কে রয়েছে পরিবার।
দিন কয়েক আগেই মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল নেতা খুন হয়েছেন। খুনের ঘটনায় প্রথমে বিরোধী দলের দিকে নিশানা করলেও তদন্তে উঠে এলো অন্য চিত্র।ঘটনায় মূল অভিযুক্ত শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। তাকে গ্রেপ্তারও করা হয়েছে। খুনের জন্য ৫০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এই আবহেই গোপালপুর পঞ্চায়েতর প্রধানকে খুনের হুমকি চাঞ্চল্য ছড়িয়েছে।
এলাকার বিধায়ক পরেশরাম দাস বলেন, “গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডলকে খুনের হুমকি দেওয়া হয়েছে। একটা ভয়েস মেসেজ ও ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। প্রাণে মারার চক্রান্ত করা হচ্ছে। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিরোধী বা দুষ্কৃতীরা তৃণমূল কর্মীনেতাদের খুন করার চেষ্টা করছে। ফের একবার বিরোধীদের নিশানা। তদন্ত শুরু করেছে পুলিশ।
ক্যানিং এক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডল। অভিযোগ, বুধবার রাতে তাঁর হোয়াটসঅ্যাপে অচেনা একটি নম্বর থেকে রেকর্ড বার্তা আসে। সঙ্গে একটি বন্দুকের ছবি দেখা যায়। সঙ্গে থাকা অডিও বার্তায় বলা হয়, “এটা শুধুমাত্র ট্রেলার। পিকচার এখনও বাকি।” আরও অভিযোগ, হুমকি দিয়ে বলা হয়, ‘এখন ছবি পাঠালাম, আগামী দিনে আপনাকে ছবি করব।’ পঞ্চায়েত প্রধানের দাবি, কে বা কারা তাঁকে হুমকি দিয়েছে তিনি জানেন না। কেনই বা হুমকি তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে রাজনৈতিক প্রতিহিংসা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন গল্প


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ