Home » সীমান্ত সুরক্ষায় জোর, বর্ডার আউট পোস্টের জন্য বিএসএফ-কে নদিয়ার করিমপুরে প্রায় ০.০৯ একর জমি দিচ্ছে রাজ্য সরকার

সীমান্ত সুরক্ষায় জোর, বর্ডার আউট পোস্টের জন্য বিএসএফ-কে নদিয়ার করিমপুরে প্রায় ০.০৯ একর জমি দিচ্ছে রাজ্য সরকার

সময় কলকাতা ডেস্ক:- বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে মাথাচাড়া দিয়ে ওঠা অনুপ্রবেশ ইস্যু নিয়ে যখন বিজেপি একাধিক অভিযোগ আনছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে, সেই পরিস্থিতেতই চেক পোস্টের জন্য নদিয়ার করিমপুরে প্রায় এক একর জমি বিএসএফ-কে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। সোমবার নবান্নে মন্ত্রীসভার যে বৈঠক হয়েছে, তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বিএসএফ রাজ্যকে জানিয়েছিল সীমান্ত সুরক্ষার জন্য তাদের জমি প্রয়োজন। জমি না পেলে কাজে সমস্যা হচ্ছে বলে রাজ্যকে জানিয়েছিল তারা। বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়।

সূত্রের খবর

সোমবার রাজ্য মন্ত্রিসভায় সেই আবেদন অনুমোদিত হয়েছে। জমি দেওয়া হচ্ছে নদিয়ার করিমপুরে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অশান্ত পরিস্থিতি খানিকটা স্তিমিত হলেও চাপ বাড়ছে ভারত-বাংলাদেশ সীমান্তে। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ থেকে ভারতে শরণার্থী ঢুকে পড়ার বিষয়টি নিয়েও চিন্তায় কেন্দ্রীয় সরকার। চোরাচালানের চেষ্টা চলছে। হচ্ছে অনুপ্রবেশও। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে না। কেন্দ্রের দীর্ঘদিনের এই অভিযোগ করে আসছে কেন্দ্র।

সম্প্রতি লালবাগের এক সভা থেকেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের জমি না দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেছিলেন, মমতা রোহিঙ্গা-মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন, তাই বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে জমি দেওয়া হয়নি।

রাজ্যের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অসহযোগিতার অভিযোগ তুলে বিজেপি অভিযোগ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে বারবার বলেন, বর্ডার বিএসএফ-এর দেখার কথা। যে পাঁচটা রাজ্যে বাংলাদেশ বর্ডার তা ৪ হাজার কিলোমিটারের। শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে ২২০০ কিলোমিটার। তার মধ্যে ৫৯৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। এর অন্যতম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন নিজের ভোট বাড়াতে। কাঁটাতার লাগাতে জমি দিলে ভোট বাক্সে প্রভাব পড়বে।

গত ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে লেখা এক খোলা চিঠিতে শুভেন্দুর দাবি ছিল, ১৮ টি ক্ষেত্রে বিএসএফকে কোনও জমি হস্তান্তর করা হয়নি। এছাড়া ১৭টি সীমান্ত ফাঁড়ি তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া মুলতুবি হয়ে রয়েছে। যার ফলে একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ পাঠানো বন্ধ হয়ে গিয়েছে। এসবের মাঝেই অভিযোগের মধ্যেই সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিএসএফকে জমি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই নদিয়াতেই ক’দিন আগে সীমান্ত সংলগ্ন মাটি খুঁড়ে চার-চারটি বাঙ্কারের হদিশ পায় বিএসএফ। যার মধ্যে লুকানো ছিল লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল। শুধু তাই নয়, একই এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককেও গ্রেফতার করে পুলিশ। এই পরিস্থিতিতে নবান্নের এই সিদ্ধান্ত।

About Post Author